হচ্ছে না তিনজাতি টুর্নামেন্ট, বাংলাদেশের প্রতিপক্ষ শুধু ভুটান

ভুটানে তিন জাতি টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। অন্য দুটি দল বাংলাদেশ ও নেপাল। শেষ মুহূর্তে নেপালও নাম সরিয়ে নিয়েছে। তাই বাংলাদেশকে শুধু ভুটানের বিপক্ষেই দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলে সন্তুষ্ট থাকতে হচ্ছে।

২৪ ও ২৭ জুলাই ম্যাচ দুটি হবে থিম্পুতে। এক দিন আগেই অর্থাৎ ২২ জুলাই বাংলাদেশ দল ঢাকা ছাড়বে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ দল নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে জানানো হয়েছে এবার বাংলাদেশ দলে ৭ জনের মতো নতুন খেলোয়াড় রয়েছে। কৃষ্ণা-তহুরা চলমান এইচএসসি  পরীক্ষা ও চোটের কারণে ভুটানের বিপক্ষে খেলতে পারছেন না।  নতুনদের নিয়ে হবে পরীক্ষা।

এই ম্যাচ দুটিতে অধিনায়ক থাকছেন সাবিনা খাতুন। তার কথা, ‘ভুটান আগের চেয়ে উন্নতি করেছে। তাদের বিপক্ষে ভালো ম্যাচ হবে। তবে সাফের আগে আরও ভালো দল হলে ভালো হতো।’

দলের ইংলিশ কোচ পিটার বাটলার বলেছেন, ‘এই দলে নতুন খেলোয়াড় রয়েছে। তাদের জন্য এটা পরীক্ষা। আমরা সাফের আগে ভালো একটি দল গড়তে চাই।’