টাইব্রেকারে ম্যানইউকে হারিয়ে ৫ বছর পর কমিউনিটি শিল্ড ম্যানসিটির

ম্যানসিটিকে ফাইনালে হারিয়ে এফএ কাপের চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানইউ। ৭৭ দিন আগের সেই স্মৃতি ফেরানোর আভাস দেয় তারা লিড নিয়ে। কিন্তু কয়েক মিনিটের ব্যবধানে সিটিজেন গোল শোধ দেয়। ১-১ গোলে নির্ধারিত সময়ের খেলা শেষ হলে ম্যাচ পেনাল্টি শুটআউটে গড়ায়। তারপর ৭-৬ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নিলো বর্তমান ইংলিশ চ্যাম্পিয়নরা। ৫ বছর পর কমিউনিটি শিল্ড হাতে নিলো ম্যানসিটি।

২০১১ সালের পর প্রথমবার কমিউনিটি শিল্ডে মুখোমুখি হয়েছিল দুই ম্যানচেস্টার ক্লাব। আগের দেখায় ইউনাইটেড ৩-২ গোলে জিতেছিল। ২১ বারের রেকর্ড চ্যাম্পিয়নরা এবার নির্ধারিত সময় শেষ হওয়ার ৮ মিনিট আগে আলেহান্দ্রো গারনাচোর গোলে এগিয়ে যায়। ৮৯তম মিনিটে বার্নার্ডো সিলভা সিটিজেনদের সমতায় ফেরায়।

টাইব্রেকারে ম্যানসিটির শুরু হয় হতাশার। ব্রুনো ফের্নান্দেস প্রথম শটে ম্যানইউকে এগিয়ে দেন। তাদের গোলকিপার ওনানা রুখে দেন বার্নার্ডো সিলভাকে।

চ্যাম্পিয়ন ম্যানসিটি

ডালোট ইউনাইটেডকে ২-০ তে এগিয়ে রাখেন। কেভিন ডি ব্রুইনা সিটির হয়ে ব্যবধান কমান। গারনাচো তৃতীয় শটে লক্ষ্যভেদ করেন, আর্লিং হাল্যান্ডও গোল করেন।

চতুর্থ শটে জ্যাডন সানচোকে রুখে দেন সিটি কিপার এডারসন। ম্যানইউর ইংলিশ তারকা ২০২১ ইউরো ফাইনালেও পেনাল্টি মিস করেছিলেন।

এরপর সাভিনহো, কাসেমিরো, এডারসন, ম্যাকটিমোনি, নুনেস, মার্টিনেজ ও দিয়াজ শুটআউটে সফল হন। ম্যানইউর জনি ইভান্স সপ্তম শট গোলবারের ওপর দিয়ে মারেন। সেটাই গড়ে দেয় পার্থক্য। ইউরোতে ইংল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করা ম্যানুয়েল আকাঞ্জি জাল কাঁপালে জয়ের উচ্ছ্বাসে মাতে সিটিজেনরা।

২০১৯ সালের পর প্রথমবার কমিউনিটি শিল্ডে জিতলো পেপ গার্দিওলার দল।