শনিবার ভ্যালেন্সিয়ার মাঠে বার্সেলোনার লা লিগা মিশন শুরু হচ্ছে। এই ম্যাচের আগে কাতালানদের ইনজুরির তালিকায় যুক্ত হলো নতুন নাম। লিগের প্রথম ম্যাচে ইকে গুন্ডোগানকে পাচ্ছে না বার্সেলোনা।
মোনাকোর কাছে গত সোমবার হোয়ান গ্যাম্পার ট্রফিতে হারের ম্যাচে মাথায় আঘাত পান গুন্ডোগান। পূর্বসতর্কতা হিসেবে মেস্তায়ায় যাচ্ছেন না ৩৩ বছর বয়সী মিডফিল্ডার।
জার্মানির এই ফুটবলার সাইডলাইনে গাভি, ফ্রেঙ্কি ডি ইয়াং, রোনাল্ড আরাউজো ও আনসু ফাতির সঙ্গে যোগ দিলেন। ইউরো চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক গেমস খেলার পর এখনও ছুটিতে আছেন ফারমিন লোপেজ।
গ্রীষ্মের নতুন চুক্তি দানি ওলমো আরবি লাইপজিগ থেকে বার্সায় যোগ দিয়েছেন। গত সপ্তাহে নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলনও করেছেন। কিন্তু তিনিও এই ম্যাচে নেই। বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন, স্পেনের এই ইউরো ও অলিম্পিক স্বর্ণজয়ী তারকা এখনও সম্পূর্ণ ফিট নয়। তাছাড়া লা লিগার সঙ্গে তার নিবন্ধন চুক্তিও হয়নি এখনও।
ইনজুরিতে প্রাক মৌসুমে অনুপস্থিত পেদ্রি ভ্যালেন্সিয়ার বিপক্ষে স্কোয়াডে ফিরবেন বলে ফ্লিক জানিয়েছেন। তাকে দ্বিতীয়ার্ধের কোনও একটা সময় খেলাবেন জার্মান কোচ।