আগেই জানা গিয়েছিল, আগামী সেপ্টেম্বরে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ে তাদের চেয়ে দুই ধাপ এগিয়ে থাকা ভুটান। নতুন খবর হলো, দুটি ম্যাচের সময়ক্ষণও নির্ধারণ হয়েছে। ৫ ও ৮ সেপ্টেম্বর ভুটানের রাজধানী থিম্পুতে স্বাগতিকদের বিপক্ষে খেলবেন জামাল ভূঁইয়ারা।
এ দুটি ম্যাচ খেলার জন্য ৩০ আগস্ট ঢাকা ছাড়বেন হাভিয়ের কাবরেরার দল। অথচ বাফুফে চেয়েছিল দুটি ম্যাচ নিজেদের মাঠে আয়োজন করতে। বাংলাদেশের চলমান পরিস্থিতিতে হোম ম্যাচ আয়োজন করা কঠিন। তাই থিম্পুতে গিয়ে খেলতে হচ্ছে।
এদিকে ম্যাচ খেলার তারিখ ঠিক হলেও জামাল-তপুদের প্রস্তুতি কবে শুরু হবে, তা এখনও নির্ধারণ হয়নি।
জাতীয় দলের স্প্যানিশ কোচ কাবরেরা লম্বা ছুটি কাটিয়ে আগেই ঢাকায় এসেছেন। কয়েকদিনের মধ্যে প্রস্তুতির সময়ক্ষণ ও ভেন্যু ছাড়াও কতজন খেলোয়াড় নিয়ে অনুশীলন শুরু হবে, তা জানা যাবে বলেছেন বাফুফে সাধারণ সম্পাদক।
এর আগে জুলাইতে ভুটানে বাংলাদেশ নারী দল দুটি ম্যাচ খেলেছিল। দুটিতেই বড় ব্যবধানে জেতে সাবিনা-সানজিদারা।