নিবন্ধন না করে লা লিগায় অ্যাটলেটিকো বিলবাওর বিপক্ষে বার্সেলোনার স্কোয়াডে দানি ওলমোর অন্তর্ভুক্তি সমালোচিত হয়েছিল। তাকে মাঠে নামাতে যেন তর সইছে না হ্যান্সি ফ্লিকের। অবশেষে সুখবর পেলেন বার্সা কোচ। কাতালান জায়ান্টরা তাদের নতুন চুক্তিকে লা লিগায় নিবন্ধন করতে পেরেছে। মঙ্গলবার রাতে রায়ো ভায়েকানোর বিপক্ষে তার অভিষেক হতে পারে।
লিগের বেতন কাঠামোতে ভারসাম্য না আনতে পারায় খেলোয়াড়দের নিবন্ধনে জটিলতার মুখোমুখি হয়েছিল বার্সা। তাতে করে চুক্তি করলেও প্রথম দুটি লিগ ম্যাচে ওলমোকে খেলাতে পারেনি তারা।
ইলকায় গুন্ডোগানকে ম্যানসিটিতে ফিরিয়ে দিয়ে এবং ক্লেমন লংলেকে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ধার দেওয়ায় বেতন কাঠামোতে ভারসাম্য এসেছে। তাতেই ওলমোর সঙ্গে নিবন্ধন করতে পেরেছে তারা।
স্পেনকে গত ইউরো জয়ের নায়ক ওলমো এবার আরবি লাইপজিগ থেকে ৬ কোটি ইউরোতে বার্সায় এসেছেন।