গতবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। এবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে সবাই। আগামীকাল বুধবার ফাইনালে প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। বাংলাদেশ সময় বেলা পৌঁনে তিনটায় কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ট্রফি জিততে আত্মবিশ্বাসী লাল সবুজ দল।
বাংলাদেশের চেয়ে একদিন আগে সেমিফাইনাল খেলায় নেপাল বিশ্রাম পেয়েছে একটু বেশি। এছাড়া কাঠমান্ডুতে গিয়ে আইসবাথের সুযোগ না মেলায় অন্যভাবে শিষ্যদের ম্যাচ ফিট করার চ্যালেঞ্জ নিতে হচ্ছে কোচ মারুফুল হককে। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি দেখিয়েছেন স্বপ্ন, ‘প্রথম দিন থেকে আজকে পর্যন্ত আমি মনে করি আমরা সঠিক পথেই আছি। একটা কঠিন কিছু অর্জনের জন্য যে জার্নিটা থাকে, তাতে অনেক উত্থান-পতন থাকে। আমরা সেই উত্থান-পতন পার হয়ে কাল (বুধবার) ফাইনাল খেলবো। গ্রুপপর্বে যে নেপালের সঙ্গে খেলেছি, ধরে নেই সেখানে তারা ৮০ ভাগ শক্তি নিয়ে খেলেছিল। ফাইনালে তারা শতভাগ শক্তি দিয়ে খেলবে। ট্যাকটিকসেও হয়তো কিছু পরিবর্তন আনবে তারা। ওই ম্যাচটা আমরা হেরেছিলাম। এমন নয় যে, ফাইনালে তাদের হারাতে পারবো না। আমরাও যদি শতভাগ শক্তি নিয়ে খেলি, গেম প্ল্যানে যদি কিছুটা পরিবর্তন এনে খেলি, তবে অবশ্যই সম্ভব। নেপালের খেলোয়াড়রা এই মাঠে খেলেই বড় হয়েছে। তাদের সব কিছু বিবেচনায় রেখে, আমাদের খেলোয়াড়দের যদি শতভাগ ফিট অবস্থায় মাঠে রাখতে পারি তবে শিরোপা নিয়ে দেশে ফিরতে পারবো।'
আঁটসাঁট সূচির কারণে বিশ্রামের সময়টা বেশি মিলছে না। তারপরও মারুফুলের বিশ্বাস মাঠে নামার আগে তার শিষ্যরা শতভাগ ম্যাচ ফিট হয়ে উঠবে, ‘এখানে আসার পর থেকে খেলোয়াড়দের রিকভারি সময়টা কম ছিল। আইসবাথের সুযোগ ছিল না। তারপরও আমরা চেষ্টা করেছি পুলে রিকভারি করার জন্য। আশা করছি আগামীকাল (আজ) ম্যাচের আগে সবাই শতভাগ ফিট হয়ে যেতে পারবে।'
গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের না থাকাটা ভাবাচ্ছে না মারুফুলকে। মূলত ভারতের বিপক্ষে সেমিফাইনালে আসিফের অসাধারণ পারফরম্যান্সই আশাবাদী করছে তাকে, ‘নিয়মিত অধিনায়ক শ্রাবণ গতকাল (সোমবার) ব্যথা পেয়েছে। তবে এখন সে আশঙ্কামুক্ত আছে। আজ সকালে হাসপাতাল থেকে হোটেলে ফিরেছে। তার একটা ছোট অপারেশন প্রয়োজন, সেটা আমরা দেশে গিয়ে করাবো। আসিফ নিজেকে প্রমাণ করেছে, দেখিয়েছে সে শ্রাবণের জায়গা নেওয়ার জন্য প্রস্তুত।’
শ্রাবণের জায়গায় দলের নেতৃত্ব দেবেন আশরাফুল হক আসিফ। তিনিও চান শিরোপাটা নিজের হাতে তুলে নিতে, ‘নেপাল ভালো দল। তারা স্বাগতিক। এটা তাদের বাড়তি সুবিধা দেবে। মাঠ ও সমর্থকদের সমর্থন তারা পাবে। তবে আমরা আমাদেরটা দেখাবো। ভারতকে হারানোর পর আমরা মানসিকভাবে অনেক শক্তিশালী। আমরা যদি নিজেদের সেরাটা দিতে পারি এবং কোচের পরিকল্পনা অনুযায়ী খেলি, তবে আমরাই শিরোপা জিতবো।'