রায়ো ভায়েকানোর মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। লা লিগার বেতন কাঠামোর জটিলতায় বেশ দেরি করে নিবন্ধন হওয়ার পর এদিন খেলতে নামেন স্পেনের ইউরো জয়ী মিডফিল্ডার দানি ওলমো। বেঞ্চ থেকে উঠে এসে তিনিই গোল করে কাতালানদের জেতান। স্বপ্নের অভিষেকের পর আনন্দের সাগরে ভাসছেন ওলমো।
স্পেনের ইউরো জয়ে কেন্দ্রীয় ভূমিকা রাখার পর আরবি লাইপজিগ থেকে এই মৌসুমের শুরুতে বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ হন ওলমো। লিগে কঠোর আর্থিক নিয়মের কারণে নিবন্ধনে সময় লেগেছে, খেলতে পারেননি প্রথম দুই ম্যাচ। যখন নামলেন, তখন জাত চেনালেন ২৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার।
ওলমো বললেন, অপেক্ষা করাতে ভালোই হয়েছে। সাত বছর ধরে ক্লাবটির যুব অ্যাকাডেমিতে খেলে ১৬ বছর বয়সে ডায়নামো জাগরেবে যোগ দেন তিনি। ম্যাচ শেষে বললেন, প্রত্যাশার চেয়েও ভালো অভিষেক হয়েছে তার।
ওলমো বলেছেন, ‘দীর্ঘ সময় ধরে আমার অভিষেকের জন্য উন্মুখ হয়ে ছিলাম। এর চেয়ে ভালো কিছু হতে পারতো না। অনেক দিন হয়ে গেলো বার্সা এখানে জিতেছে। এখানে খেলা কঠিন। সুতরাং শেষের ফলটা অসাধারণ।’
নিজের অনুভূতি জানালেন ওলমো, ‘আমার খুব ভালো লাগছে। আমি এটার (অভিষেক) জন্য উন্মুখ ছিলাম। আজ শেষ পর্যন্ত হলো, দলকে সহায়তা করতে পেরে এবং গোল করায় আমি অনেক খুশি। আমি আনন্দিত।’