লা লিগায় বার্সেলোনার জয়যাত্রা থামছে না। শনিবার তো তাদের ঘরের মাঠে বিধ্বস্ত হলো ভায়াদোলিদ। রাফিনিয়ার হ্যাটট্রিকে বার্সা উড়িয়ে দিলো তাদেরকে। ৭-০ গোলে টানা চতুর্থ ম্যাচ জিতলো কাতালান জায়ান্টরা।
প্রথমার্ধে তিন গোল করে বার্সা। শেষ অর্ধে এক হালি গোল দেয় তারা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ যখন হোঁচট খাচ্ছে, তখন বার্সা আর্থিক সংকটের মধ্যেও উড়ছে।
২০ মিনিটে রাফিনিয়া গোলমুখ খোলেন। অলিম্পিক স্টেডিয়ামে পাও কুবারসির পাস বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে ফ্লিক করে জাল কাঁপান।
চার মিনিট পর লামিনে ইয়ামালের থ্রু বল ধরে রবার্ট লেভানডোভস্কি ব্যবধান দ্বিগুণ করেন। কোন্দে হাফটাইমের আগে স্কোর ৩-০ করেন। কর্নার থেকে বক্সের ভেতরে বল পেয়ে গোলের সুযোগ নষ্ট করেননি তিনি।
লেভানডোভস্কি ও ইয়ামালের যোগসাজশে এক ঘণ্টা পার হতেই বেশ কাছ থেকে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া। ইয়ামালের কাছ থেকে বল পেয়ে ৭২ মিনিটে হ্যাটট্রিক করেন ব্রাজিলিয়ান উইঙ্গার।
রায়ো ভায়েকানোর বিপক্ষে আগের ম্যাচে অভিষিক্ত হয়ে গোল করেছিলেন দানি ওলমো। ৮২ মিনিটে রাফিনিয়ার পাস ধরে কয়েকজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে জালে বল জড়ান।
ছয় গোল করেও বার্সার ক্ষুধা কমেনি। তিন মিনিট পর বাঁ দিক থেকে রাফিনিয়ার ক্রস পেয়ে বদলি খেলোয়াড় ফেরান তোরেস সপ্তম গোল করেন।
চার ম্যাচে ১২ পয়েন্ট পেয়েছে বার্সেলোনা। লিগ টেবিলের শীর্ষে থেকে আন্তর্জাতিক বিরতিতে গেলো তারা।
বার্সেলোনা এর আগে ৭ গোলে জিতেছিল ২০১৪ সালের মার্চে ওসাসুনার বিপক্ষে। আর লা লিগায় এর আগে তাদের সবচেয়ে বড় জয় ছিল ২০১৬ সালে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ৮-০ গোলের।