বাফুফের তিন বছরের অডিট রিপোর্ট অনুমোদন

Photo BFF EGM 2016 d5২০১২ থেকে ২০১৪ পর্যন্ত তিন বছরের অডিট রিপোর্ট অনুমোদনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিশেষ সাধারণ সভা। চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বাফুফের এই বিশেষ সাধারণ সভায় ১২৮ জন কাউন্সিলরের মাঝে ১১৪জন উপস্থিত ছিলেন।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, 'সর্বসম্মতিক্রমে অডিট রিপোর্ট অনুমোদন করা হয়েছে। এ ব্যাপারে কাউন্সিলরদের স্বতস্ফুর্ত সাড়া ছিল।'

এদিকে ঢাকায় 'ফুটবল বাঁচাও শীর্ষক' অনুষ্ঠানের উত্তাপ পড়ে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারেও। শেখ জামাল, মোহামেডান, আরামবাগের কর্মকর্তাদের সমালোচনা ভালোভাবে নেয়নি বাফুফে। বিশেষ সাধারণ সভা শেষে বাফুফের সহ-সভাপতি বাদল রায়ের কণ্ঠেই ক্ষোভই ঝরলো। তিনি বলেন, 'ফুটবলের সর্বোচ্চ পরিষদের সভা ছিল । তাদের কোনও আপত্তি বা কথা বলার থাকলে এখানে এসে বলতে পারতেন। ফুটবলকে হেয় করার জন্য তাদের এই পদক্ষেপ। সভায় তাদের এই কর্মকাণ্ডের নিন্দা জানানো হয়েছে।’

বাফুফের সদস্য ও চট্টগ্রাম আবাহনীর মহাসচিব সাংসদ শামসুল হক চৌধুরি এমপি বলেন, 'তারা ফুটবল ফেডারেশনে আসতে না পেরে এমন মন্তব্য করছেন। ফুটবল ও বাফুফে নিয়ে এমন মন্তব্য করায় জেলায় জেলায় তাদের বিরুদ্ধে মামলা হবে। '

/আরএম/এমআর/