কে ভেবেছিল দক্ষিণ এশিয়ার পুচকে দেশ ভুটানও একসময় বাংলাদেশকে টপকে যাবে, এগিয়ে থাকবে ফিফা র্যাঙ্কিংয়ে। সেই পাহাড়ঘেরা দেশটির বিপক্ষে জিততেই থিম্পুতে গেছে বাংলাদেশ। জিতলে র্যাঙ্কিংয়ে এগিয়ে গেলে এশিয়ান কাপের বাছাইপর্বে অপেক্ষাকৃত সুবিধাজনক গ্রুপে পড়ার সুযোগ থাকবে। তবে সতর্ক বাংলাদেশ। বৃহস্পতিবার প্রথম ফিফা প্রীতি ম্যাচের আগে জামাল ভূঁইয়ার কিন্তু ২০১৬ সালের ম্যাচটির কথা মনে পড়েছে।
আট বছর আগে বাংলাদেশকে একাই প্রায় ধসিয়ে দিয়েছিলেন ভুটানি স্ট্রাইকার চেনচো গেইলেস্তেন। এবারও তিনি আছেন প্রতিপক্ষের আক্রমণভাগে। তবে বাকিদের দিকেও সতর্ক দৃষ্টি রাখার কথা বলেছেন জামাল। বাংলাদেশ অধিনায়ক মনে করেন, এই ম্যাচ নিয়ে আগে থেকেই সাবধানী তারা, ‘ভুটান ভালো দল, বিশেষ করে প্রতি আক্রমণে। তাদের দলে চেনচো আছে, যাকে আটকানো কঠিন। সে বাংলাদেশেও খেলেছে। তবে তাদের দলে চেনচো ছাড়াও আরও কয়েকজন খেলোয়াড় আছে, যারা দারুণ। এই খেলোয়াড়দের দিকেও দৃষ্টি রাখতে হবে। কেননা, তারাও বিপজ্জনক। তবে আশা করি, আমরা তাদের সামলাতে পারবো।’
বাংলাদেশ জেতার আশ্বাস দিলেও খেলোয়াড়রা তিন মাস ধরে খেলার মধ্যে নেই। বিপরীতে লিগ চলায় ভুটানের ফুটবলাররা আছেন খেলার মধ্যে। তাই জামাল বলেছেন, ‘আমার ধারণা, দুটি ম্যাচই ভীষণ কঠিন হবে। কেননা, আমরা তিন মাস কোনও ম্যাচ খেলি না। আমরা ক্যাম্প করেছি, কিন্তু ভুটানের খেলোয়াড়দের মতো একই পর্যায়ে নেই। আমার ধারণা দুটি ম্যাচ কঠিন ও দারুণ হবে।’
তবুও প্রস্তুতিতে ঘাটতি দেখছেন না জামাল, ‘আমি মনে করি, সবাই প্রস্তুত। অবশ্যই আমাদের আরও বেশি ম্যাচ ফিটনেস প্রয়োজন, কিন্তু আমরা ভালো ক্যাম্প করেছি, ভালো প্র্যাকটিস সেশন করেছি। আমি মনে করি, সব মিলিয়ে ভুটানের মুখোমুখি হতে আমরা প্রস্তুত।’