বাংলাদেশ সম্পর্কে ভালোই খোঁজ খবর রেখেছেন ভুটান কোচ অতসুশি নাকামুরা। সাম্প্রতিক সময়ে এই দেশে কী কী হয়েছে, সবই নখদর্পণে। কদিন আগে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। গত জুলাই-আগস্টের গণআন্দোলন সম্পর্কেও খোজখবর রেখেছেন তিনি। সবকিছু জেনেই নিজ দলকে উৎসাহ দিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে শিষ্যদেরকে ভয়ডরহীন খেলা খেলতে বলে দিয়েছেন জাপানি কোচ।
থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় প্রথম প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আগামী রবিবার দ্বিতীয় ম্যাচ গড়াবে একই স্টেডিয়ামে।
পরিসংখ্যানের পাতায় ভুটানের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য বাংলাদেশের। তবে স্বাগতিক অধিনায়ক নিমা ওয়াংদি ২০১৬ সালের জয়ের পুনরাবৃত্তি করতে মুখিয়ে আছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘পরের বছর আমাদের এএফসি এশিয়ান কাপের বাছাই রয়েছে। এই ধরনের প্রীতি ম্যাচ আমাদের দলকে উজ্জ্বীবিত করবে।’
কোচও বলেছেন, ‘আমাদের দলটা তরুণ, এই ম্যাচগুলোতে তারা আত্মবিশ্বাস শাণিয়ে নেবে। এটা আমাদের ঘরের মাঠ। আমাদের এই সুযোগটা নিতে হবে।’
ভুটান কোচ নাকামুরার উপলব্ধি, সাম্প্রতিক সময়ে নানা কারণে উজ্জীবিত থাকবে বাংলাদেশ। কাবরেরার দলকে চ্যালেঞ্জ জানাতে হলে লড়তে হবে চোখে চোখ রেখে। তাই তার শিষ্যদের প্রতি আহবান, ‘বাংলাদেশ খুব গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিয়েছে। অবশ্যই তারা কঠিন প্রতিপক্ষ। সবশেষ অনূর্ধ্ব-২০ সাফে তারা ভারতকে হারিয়েছে। বাংলাদেশের রাজনীতিতেও বিপ্লব হয়েছে, এটাও তাদের অনুপ্রাণিত করবে। তারা শক্তিশালী দল… কিন্তু এটা আমাদের ঘরের মাঠ। আমি ছেলেদের বলবো বাংলাদেশকে ভয় না করে তাদের চ্যালেঞ্জ জানাতে।’