ফিনল্যান্ডের মিলিটারি ক্যাম্প থেকে বাংলাদেশ দলের জন্য শুভকামনা

তারিক কাজীর জন্ম ও বেড়ে ওঠা ফিনল্যান্ডে। তবে খেলছেন বাংলাদেশ জাতীয় দলে। ফিনল্যান্ডের নিয়ম অনুযায়ী তরুণদের বাধ্যতামূলক ছয় মাসের মিলিটারি সার্ভিস প্রদান করতে হয়। তা করতেই প্রবাসী এই ডিফেন্ডার গত জুলাই থেকে সেখানকার মিলিটারি ক্যাম্পে রয়েছেন। যার কারণে ভুটানের বিপক্ষে আজ ও ৮ সেপ্টেম্বরের দুটি প্রীতি ম্যাচে বাংলাদেশ দলে নেই ২৩ বছর বয়সী। অবশ্য না থাকলেও লাল সবুজ দলের জন্য শুভেচ্ছা জানাতে তার ভুল হয়নি। 

প্রবাসী ফুটবলার হিসেবেই ২০২১ সালে বাংলাদেশ দলে অভিষেক তারিক কাজীর। এখন পর্যন্ত লাল-সবুজের জার্সিতে ২৩টি ম্যাচ খেলেছেন। গোল আছে দুটি।

মিলিটারি ক্যাম্পে থাকলেও তারিকের মন পড়ে আছে ভুটানে বাংলাদেশ দলের সঙ্গে। বাফুফের দেওয়া ভিডিও বার্তায় তারিক শুভ কামনা জানিয়ে বলেছেন, ‘বাংলাদেশ দলের জন্য উষ্ণ অভিনন্দন ও শুভ কামনা। আজ ভুটানের বিপক্ষে ম্যাচ, আমারও ইচ্ছা ছিল দলের সঙ্গে থাকার। কিন্তু ফিনল্যান্ডে মিলিটারি সার্ভিসে আছি। আশা করি, সবার সঙ্গে তাড়াতাড়ি দেখা হবে এবং শিগগিরই ফিরে আসবো বসুন্ধরা কিংস ও বাংলাদেশ জাতীয় দলে। তার আগ পর্যন্ত সবাইকে শুভ কামনা।’

তারিকের বাবা একজন বাংলাদেশি, নাম শহীদুল কাজী। মা ফিনিশ, নাম আনু পিলয়া। চার ভাই-বোনের মধ্যে তারিক দ্বিতীয়। বাবার গ্রামের বাড়ি নওগাঁয়।  ১৯৮০ সালের দিকে তারিকের বাবা ফিনল্যান্ড প্রবাসী হন।