জামালকে ছাড়াই খেলতে নামছে বাংলাদেশ

আগের দিন সংবাদ সম্মেলনে ছিলেন। আজ অবশ্য নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়াকে ছাড়াই একাদশ গড়ে খেলছে বাংলাদেশ। বৃহস্পতিবার বিকাল ৬টায় চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে একাদশে জায়গা হয়নি তার। সবশেষ লেবাননের বিপক্ষে ম্যাচে ছিলেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। তার বদলে নেতৃত্ব দেবেন তপু বর্মণ।

থিম্পুতে জামালের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন চোট কাটিয়ে ফেরা মোহাম্মদ সোহেল রানা। গত জুনে বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের বিপক্ষে ৪-০ গোলে হেরে যাওয়া ম্যাচে চোটের কারণে ছিলেন না এই মিডফিল্ডার। সোহেলের সঙ্গে চোট কাটিয়ে একাদশে ফিরেছেন আরেক ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমও। এছাড়া ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষও। আজ লাল-সবুজ দল সম্ভাব্য ৪-২-২ ছকে খেলবে।

ভুটানের বিপক্ষে সবশেষ চার ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে এবারও সেই ধারা অব্যাহত রাখার লক্ষ্য। তবে ৮ বছর পর থিম্পুতে খেলতে নেমে বাংলাদেশ দল ভীষণ সতর্ক। কিছুতেই ২০১৬ সালের স্মৃতি ফিরিয়ে আনার পক্ষপাতী নন তারা।

বাংলাদেশের একাদশ-

গোলকিপার: মিতুল মারমা

ডিফেন্স: তপু বর্মণ, শাকিল হোসেন, সাদ উদ্দিন ও বিশ্বনাথ ঘোষ।

মিডফিল্ড: মোহাম্মদ হৃদয়, সোহেল রানা ও মোহাম্মদ সোহেল রানা।

ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন ও শেখ মোরসালিন।