নেশনস লিগে স্পেনের দ্বিতীয় ম্যাচ না খেলে বার্সায় ফিরছেন ওলমো

স্পেন ফরোয়ার্ড দানি ওলমো সুইজারল্যান্ডের বিপক্ষে রবিবার স্পেনের উয়েফা নেশনস লিগের ম্যাচে খেলবেন না। আগেভাগেই বার্সেলোনায় ফিরতে হচ্ছে তাকে। হাঁটুর ছোট সমস্যায় পড়েছেন তিনি।

২৬ বছর বয়সী ওলমো বৃহস্পতিবার সার্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ের ম্যাচে ৮২তম মিনিটে মাঠ থেকে উঠে যান। সূত্রমতে, তার ইনজুরি তেমন গুরুতর নয়। কিন্তু পূর্বসতর্কতা হিসেবে তাকে সুইসদের বিপক্ষে না রেখে ক্লাবে ফেরত পাঠানো হচ্ছে।

লা লিগায় চলতি মৌসুমে চার ম্যাচের সবগুলো জেতা বার্সা রবিবার জিরোনার বিপক্ষে মাঠে ফিরবে। কোচ হ্যান্সি ফ্লিক আশাবাদী ওলমোকে পাওয়া যাবে এই ম্যাচে।

সাড়ে ৫ কোটি ইউরোতে আরবি লাইপজিগ থেকে বার্সেলোনায় এসেছেন স্পেনের ইউরো জয়ী খেলোয়াড়। নিবন্ধন জটিলতায় প্রথম দুটি ম্যাচে তার খেলা হয়নি। বাকি দুই ম্যাচে খেলে দুটিতেই গোল করেছেন।