উয়েফা নেশন্স লিগে ফ্রান্সের শুরুটা প্রত্যাশা মতো হয়নি। ৩-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর অবশ্য ঘুরে দাঁড়িয়েছে তারা। বেলজিয়ামের বিপক্ষে আধিপত্য দেখিয়ে ম্যাচটা জিতেছে ২-১ গোলে।
প্রথম ম্যাচের ধাক্কার পর শুরুর একাদশে ৮টি পরিবর্তন এনেছিলেন কোচ। ছিলেন না কিলিয়ান এমবাপ্পেও। এমন ম্যাচে শুরুটা ছন্দহীন থাকলেও ধীরে ধীরে গুছিয়ে নেয় ফ্রান্স। যার ফলও পেয়ে যায় ২৯ মিনিটে। লিড এনে দেন কোলো মুয়ানি। শুরুতে দেম্বেলের শট এক হাতে রুখে দিয়েছিলেন বেলজিয়ান গোলকিপার। সেই বল মুয়ানির সামনে পড়লে মুহূর্তেই জাল কাঁপান তিনি। অবশ্য শুরুতে ফরাসিরা ছন্দ ফিরে পাওয়ার আগে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছিল বেলজিয়াম। লুইস ওপেন্দা গোলের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু সফল হতে পারেননি।
দেম্বেলে শুরু থেকেই ছিলেন বিপজ্জনক। যার পুরস্কার অবশেষে পান ৫৭ মিনিটে। জটলার মধ্যে ডিফেন্ডারদের কাটিয়ে বোকা বানান বেজিয়ান গোলকিপারকে।
এমবাপ্পে শেষ পর্যন্ত বদলি হয়ে মাঠে নামেন ৬৭ মিনিটে। সঙ্গে নামেন ব্র্যাডলি বারকোলা। শুরুতে নেমে স্কোরশিটে নাম তোলারও চেষ্টা করেন এমবাপ্পে। ম্যাচ শেষ হওয়ার দশ মিনিট আগে দুরূহ কোণ থেকে শটও নিয়েছিলেন। দুর্ভাগ্য লক্ষ্যে থাকেনি তা। তার পর ৮৬ মিনিটে আবার শট নিলে সেটা সেভ করেছন বেলজিয়ান গোলকিপার কাস্টিলস।