জিরোনার সঙ্গে বার্সেলোনার সুখস্মৃতি বেশ পুরানো হয়ে গিয়েছিল। দলটির বিপক্ষে তাদের সবশেষ জয় ছিল গত বছর জানুয়ারিতে। তারপর তিনবারের দেখায় একবারও জিততে পারেনি। লা লিগায় সবশেষ দুটি ম্যাচেই তারা জিরোনার কাছে হেরেছিল ৪-২ গোলে, তার আগে করেছিল গোলশূন্য ড্র। অবশেষে মৌসুমের প্রথম কাতালান ডার্বিতে জয়খরা কাটালো হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
লামিনে ইয়ামালের জোড়া গোলে তিন ম্যাচ পর জিরোনাকে হারালো বার্সা। সাত মিনিটের ব্যবধানে দুই গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড। ধারাবাহিকতা ধরে রেখে টানা তিন ম্যাচে জাল কাঁপান দানি ওলমো। পেদ্রি ঠুকলেন শেষ পেরেক। লা লিগায় তারা ৪-১ গোলে জিরোনাকে উড়িয়ে দিয়ে প্রতিশোধ নিলো।
লিগে এনিয়ে টানা পঞ্চম জয় পেলো বার্সেলোনা। পাঁচ ম্যাচের সবগুলো জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করলো তারা।
প্রথমার্ধে দুটি গোল করেন ইয়ামাল। ৩০ ও ৩৭তম মিনিটে তিনি জাল কাঁপান। বিরতির পর ফিরেই ওলমো প্রথম চেষ্টাতেই গোল করেন। ৬৪তম মিনিটে পেদ্রি করেন দলের চতুর্থ গোল।
জিরোনার বদলি খেলোয়াড় ক্রিস্টিয়ান স্টুয়ানি ৮০তম মিনিটে সান্ত্বনাসূচক গোল করেন। খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে ইয়াসির আসপ্রিলাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখলে বার্সা ১০ জনের হয়ে যায়।
কাতালান জায়ান্টদের চেয়ে চার পয়েন্ট পেছনে থেকে রিয়াল মাদ্রিদ ও ভিয়ারিয়াল যথাক্রমে দুই ও তিনে। সাত পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে জিরোনা।