ইতিহাদ স্টেডিয়াম থেকে বিস্ময়করভাবে অক্ষত অবস্থায় ফিরে গেলো ইন্টার মিলান। প্রিমিয়ার লিগের হেভিওয়েট ম্যানচেস্টার সিটির বিপক্ষে বুধবার চ্যাম্পিয়নস লিগে তাদের খেলা গোলশূন্য ড্র হয়েছে। ২০২৩ এ ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার ফাইনালে সিটির কাছে ১-০ গোলে হারের ব্যথা অল্প হলেও কমাতে পেরেছে ইন্টার।
পেপ গার্দিওলার সিটি ইন্টারের গোছালো রক্ষণভাগের সামনে ধরা খেয়েছে। অন্যদিকে সিমন ইনজাগির ইন্টার বিরতির পর বিপদজনক হয়ে উঠেছিল। দুই দলই স্নায়ুচাপে থেকে লড়াই করেছে, কিন্তু ফিনিশিংয়ে ঘাটতির মাশুল গুনেছে।
সিটির গোলমেশিন আর্লিং হাল্যান্ড ইতিহাসের দ্রুততম খেলোয়াড় হিসেবে কোনও ইউরোপিয়ান ক্লাবের হয়ে একশ গোলের রেকর্ড গড়তে পারতেন। চার প্রিমিয়ার লিগ ম্যাচে ৯ গোল করা নরওয়েজিয়ান স্ট্রাইকারকে এই মাইলফলক ছুঁতে অপেক্ষা করতে হচ্ছে।
প্রথমার্ধে দুটি সুযোগ অল্পের জন্য নষ্ট করেন হাল্যান্ড। তার হেড কিপার ইয়ান সমার লাইনে থেকে লাফিয়ে রুখে দেন। তারপর তার শক্তিশালী নিচু শট পোস্টের বাইরে দিয়ে যায়।
আইনরিখ মিখিতারিয়ান অবিশ্বাস্যভাবে একটি সুযোগ নষ্ট করলে সিটি ভক্তরা দীর্ঘশ্বাস ফেলেন। আট গজ দূর থেকে নেওয়া তার রকেট গতির শট তাকে বিস্মিত করে বারের ওপর দিয়ে যায়।
শেষ মুহূর্তে ইলকাই গুন্ডোগান দুটো সহজ সুযোগ নষ্ট করে সিটি ভক্তদের আক্ষেপে ভাসান। একবার সরাসরি শট মারেন কিপারের দিকে। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে বারের ওপর দিয়ে বল মারেন।
সব মিলিয়ে সিটির ২২টি শটের বিপরীতে ইন্টার মেরেছে ১৩টি। তবে তারা বল লক্ষ্যে মেরেছিল অতিথিদের (৫) চেয়ে একটি বেশি।
ম্যাচ শেষে সিটি ডিফেন্ডার রুবেন দিয়াস বলেছেন, ‘খুবই শক্তিশালী একটি দলের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। আমরা জানতাম কী হতে যাচ্ছে, তারা শীর্ষ একটি দল, জিততে অভ্যস্ত। আমরা জানতাম আমাদের কাজ মোটেও সহজ হবে না। শেষে বলতে চাই, দলের পারফরম্যান্স সেরা ছিল। আমরা গোল করার খুব কাছে ছিলাম।’