সিরিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ওই সাফল্যের রেশ কাটতে না কাটতেই উল্টো চিত্র দেখতে হলো বাংলাদেশ কোচ মারুফুল হককে। আজ এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে প্রথম গ্রুপ ম্যাচেই সিরিয়ার কাছে বিধ্বস্ত হতে হয়েছে বাংলাদেশকে। সিরিয়া ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তাদেরকে।

ভিয়েতনামের হেই পংয়ের ল্যাচ ট্রে স্টেডিয়ামে সিরিয়া ম্যাচে আধিপত্য করে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল তারা। পঞ্চম মিনিটে ডানদিক থেকে সতীর্থের আড়াআড়ি ক্রসে দূরের পোস্ট থেকে নিখুঁত প্লেসিং শটে জাল খুঁজে নেন ইসা কাওয়া।

১২ মিনিটে একইভাবে ডানদিক থেকে আসা ক্রসে হেডে ব্যবধান দ্বিগুণ করেন কেনাজ ইউসা।

৩৫ মিনিটে বক্সের বাইরে থেকে ইউসার নিচু জোরালো শট ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি গোলকিপার ইসমাইল মাহিন। একটু পর আনাস দাহানের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়।

বিরতির পর একই চিত্র। ৭৩ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় সিরিয়া। আব্দুল রহমানের শট গোলরক্ষক ফিস্ট করে ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত হয়নি; ফিরতি শটে লক্ষ্যভেদ করেন ওয়েসাম ডুখান।

শেষ দিকে ফ্রি কিকে ব্যবধান আরও বাড়ান আনাস। এই গোলে অবশ্য দায় আছে গোলকিপারের। কাছের পোস্টে নেওয়া সিরিয়ার এই ফরোয়ার্ডের ফ্রি কিকে বল মাহিনের হাত হয়েই জালে জড়িয়ে যায়।

বাংলাদেশ মাঝেমধ্যে আক্রমণ করেও ব্যবধান কমাতে পারেনি।