মাদ্রিদ ডার্বিতে এমবাপ্পের খেলা হচ্ছে না!

রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম মাদ্রিদ ডার্বিতেই দর্শক হয়ে থাকতে হচ্ছে কিলিয়ান এমবাপ্পেকে! বুধবার লা লিগা ক্লাব জানিয়েছে, পেশীর ইনজুরিতে পড়েছেন তাদের তারকা ফরোয়ার্ড। আগামী রবিবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে তার খেলা ঘোরতর শঙ্কায় পড়েছে।

এই মৌসুমে পিএসজি থেকে রিয়ালে যোগ দেওয়া এমবাপ্পে দারুণ ফর্মে আছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে সাত গোল করেছেন। সবশেষ দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে লা লিগা ম্যাচেও জাল খুঁজে পান ফরাসি ফরোয়ার্ড। মঙ্গলবার ওই ম্যাচে ৮০তম মিনিটে ঊরুর অস্বস্তিকর ব্যথা নিয়ে মাঠ ছাড়েন তিনি। ম্যাচটি ৩-২ গোলে জেতে রিয়াল।

২৫ বছর বয়সী ফরোয়ার্ডের চোট নিয়ে রিয়াল এক বিবৃতি দিয়েছে, ‘রিয়াল মাদ্রিদের মেডিক্যাল সার্ভিসের মাধ্যমে আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তার বাঁ পায়ের বাইসেপস ফেমোরিতে ইনজুরি ধরা পড়েছে।’

স্প্যানিশ মিডিয়া বলছে, রবিবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলা হবে না এমবাপ্পের।

রিয়াল ১৭ পয়েন্ট নিয়ে লিগের টেবিলের দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট পেছনে তারা। বুধবার কাতালান জায়ান্টরা গেতাফের মুখোমুখি হবে।