মোনাকোর মাঠে গত সপ্তাহের চ্যাম্পিয়নস লিগ ম্যাচে ২-১ গোলে হেরে গিয়েছিল বার্সেলোনা। ওই ম্যাচে তাদের সমর্থকর অপ্রীতিকর ঘটনা ঘটায়। বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছিল। তাতে দোষী সাব্যস্ত হয়ে ১০ হাজার ইউরো জরিমানা গুনতে হচ্ছে বার্সেলোনাকে। এছাড়া ক্লাবের পরবর্তী চ্যাম্পিয়নস লিগ অ্যাওয়ে ম্যাচে তাদের ভক্ত-সমর্থকদের নিষিদ্ধ করেছে উয়েফা।
স্তাদে দ্বিতীয় লুইসের গ্যালারিতে বার্সা ভক্তদের বিরুদ্ধে নাৎসি স্যালুট দেওয়ার অভিযোগ আনা হয়। এ কারণে সার্বিয়ায় ৯ নভেম্বর হতে যাওয়া সরভেনা জভেদার বিপক্ষে তারা কোনও ভক্ত-সমর্থককে মাঠে পাবেন না।
এছাড়া আরেকটি স্থগিত নিষেধাজ্ঞা পেয়েছে বার্সা। উয়েফার পরবর্তী অ্যাওয়ে ম্যাচের জন্য ভক্তদের কাছে টিকিট বিক্রি করতে পারবে না। এটি প্রাথমিকভাবে এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।
এর আগে গত এপ্রিলে পার্ক দে প্রিন্সেসে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে নিজ সমর্থকদের বিতর্কিত আচরণের কারণে শাস্তি পেয়েছিল ক্লাবটি। বর্ণবাদী আচরণ ও নাৎসি স্যালুট দেওয়ায় বার্সাকে ২৫ হাজার ইউরো জরিমানা করা হয়।
মোনাকোর কাছে বার্সার হারের দিনের ছড়িয়ে পড়ে একটি ছবিতে দেখা গেছে, এক ভক্ত নাৎসি প্রতীক সম্বলিত ব্যানার ধরে আছেন।
বার্সা ভাইস প্রেসিডেন্ট এলেনা ফোর্ট ওই ঘটনা নিয়ে বলেন, ‘মেনে নেওয়া যায় না। এটা খুবই বিরক্তিকর এবং দুঃখজনক যে কেউ বলে তারা ক্লাবকে ভালোবাসে, অথচ এমন আচরণ করে। সবকিছুর একটা সীমা আছে। এই ঘটনা আবার কখনও ঘটতে পারে না, কখনও না।’