মোনাকোর মাঠে হার দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করেছিল বার্সেলোনা। এবার তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও ফ্রান্সের মাটিতে হার দেখলো। প্রথমার্ধের পেনাল্টিতে লিঁল চমকে দিয়েছে স্প্যানিশ জায়ান্টদের। বুধবার ১-০ গোলে জিতে ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের ১৪ ম্যাচ ধরে অপরাজেয় থাকার মর্যাদা কেড়ে নিলো ফরাসি ক্লাব।
২০২৩ সালের ১৮ মে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির কারছে সবশেষ হেরেছিল রিয়াল। তারপর গত মৌসুমে ১৩ ম্যাচের সবগুলোতে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয় মাদ্রিদ ক্লাব। নতুন আসর এবার ভিএফবি স্টুটগার্টকে হারিয়ে শুরু করেছিল তারা।
প্রথমার্ধের স্টপেজ টাইমের তৃতীয় মিনিটে জোনাথন ডেভিড পেনাল্টি থেকে রিয়ালের জাল কাঁপান। সব প্রতিযোগিতা মিলিয়ে আগের ৩৬ ম্যাচ অজেয় থাকা দল জানুয়ারির পর প্রথম হার দেখলো।
এই জয়ে লিগ ওয়ানের দল লিঁল দুই ম্যাচে প্রথম তিন পয়েন্টের দেখা পেলো। সমান পয়েন্ট রিয়ালেরও। গোলব্যবধানে এগিয়ে থেকে ঠিক তাদের ওপরে ১৭তম স্থানে মাদ্রিদ ক্লাব।
গত সপ্তাহে পেশির ইনজুরিতে পড়ায় কার্লো আনচেলত্তি শুরুর একাদশে কিলিয়ান এমবাপ্পেকে রাখেননি। মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র ষষ্ঠ মিনিটে নিচু শটে প্রথম সুযোগ পেয়েছিলেন। গতি ধরে রেখে অতিথিরা খেলতে থাকে। দ্বিতীয় সুযোগ মেলে কিছুক্ষণ পর যখন এন্দ্রিকের খুব কাছ থেকে নেওয়া শট লুকাস শেভালিয়ের ব্লক করেন।
২৬ মিনিটে লিঁল প্রথম গোলের বেশ কাছে ছিল। আন্দ্রি লুনিন চমৎকার ডাবল সেভে রিয়ালকে বাঁচান। প্রথমবার ডেভিডের হেড ফিরিয়ে দেওয়ার পর কানাডিয়ানের পরবর্তী শট রুখে দেন রিয়াল কিপার।
তবে চাপ ধরে রেখে স্টপেজ টাইমে পুরস্কার পায় লিঁল। এডন ঝেগরোভার ফ্রি কিক এদুয়ার্দো কামাভিঙ্গার হাতে লাগে। ভিএআর রিভিউয়ে পেনাল্টির রায় আসে এবং ডেভিড এবার জাল কাঁপান।
কার্লো আনচেলত্তি এন্দ্রিক ও এডার মিলিতাওয়ের জায়গায় এমবাপ্পে ও লুকা মদরিচকে মাঠে পাঠালেরও লিঁল লিড ধরে রেখে জিতে যায়।