দিয়াবাতেকে কিংসে পাঠিয়ে ঝুঁকি নিতে চায় না মোহামেডান!

এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের হয়ে খেলার কথা ছিল মালির স্ট্রাইকার সুলেমানে দিয়াবাতের। ধারে তাকে ছাড়ার জন্য আগেই চিঠি দিয়েছিল মোহামেডান। তবে আজ রবিবার উল্টো সুর। আগের সিদ্ধান্ত থেকে সরে এসে দিয়াবাতেকে দিচ্ছে না তারা! 

এরই মধ্যে নতুন সিদ্ধান্তটি মোহামেডান ক্লাব থেকে কিংসকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। 

দিয়াবাতে প্রসঙ্গে মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আগে দিয়াবাতে কিংসে খেলতে চেয়েছিল। তাই আমরা তখন অনেক কিছু না ভেবে রাজি হয়েছিলাম। এখন বুঝতে পারছি ভুটানে খেলা হবে টার্ফে। ওখানে যদি ও চোট পায় তাহলে ক্লাব ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া ওর কিছুটা চোটও আছে। সব চিন্তা করে আমরা কিংসকে মৌখিকভাবে জানিয়ে দিয়েছি, দিয়াবাতে দেওয়া সম্ভব নয়। কাল পরশু চিঠি দিয়ে দেবো।’ 

২৬ অক্টোবর থেকে ভুটানে শুরু হবে এএফসি চ্যালেঞ্জ লিগ। কিংস ছাড়াও খেলবে লেবাননের নেজমেহ, ভারতের ইস্ট বেঙ্গল ও ভুটানের পারো এফসি।