আর্জেন্টিনার ভ্রমণে বাধা হয়ে দাঁড়িয়েছে হারিকেন মিল্টন!

১০ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই লক্ষ্যে তারা ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামি ক্লাবের ট্রেনিং ফেসিলিটি বেছে নিয়েছিল। সেখান থেকেই তাদের ভেনেজুয়েলায় খেলতে যাওয়ারা কথা। কিন্তু তাদের ভ্রমণ পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছে হারিকেন মিল্টন! ক্যাটাগরি ৫ মাত্রার এই সামুদ্রিক ঝড় আঘাত হানার কথা ফ্লোরিডার পশ্চিম উপকূলে।

অথচ ম্যাচের আগে যখন প্রস্তুতি নিয়ে ভাবার কথা, ঠিক সেই মুহূর্তে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনিকে দুশ্চিন্তায় ফেলেছে হারিকেন মিল্টন।

যদিও যতটুকু জানা গেছে, হারিকেনের গতিপথে ফোর্ট লডারডেল পড়বে না। এই অঞ্চলটি শুধু ঝড় ও বন্যার সতর্কতার মাঝে রয়েছে। ফ্লোরিডার গভর্নর এই রাজ্যের বেশিরভাগ অঞ্চলেই জরুরি অবস্থা জারি করেছেন। 

এই অবস্থায় আর্জেন্টিনার ভেনেজুয়েলার উদ্দেশে ভ্রমণ করার কথা বুধবার। কিন্তু ঝড়ো আবহাওয়া যদি বিমানের ভ্রমণ পথে বিঘ্ন সৃষ্টি করে তাহলে পরিকল্পনা অনুযায়ী তারা সফর করতে পারবে নাা। ম্যাচের আগে তাই উদ্বেগ ফুটে উঠেছে স্ক্যালোনির কণ্ঠে, ‘নিরাপদে থাকার ইস্যুটাই জটিল এখানে। ম্যাচটা গুরুত্বপূর্ণ। কিন্তু নিরাপদে থাকার বিষয়টাও গুরুত্বপূর্ণ। যখন কেউ ঝড়ো হাওয়া আর হারিকেনের কথা বলে, তখন যদি ব্যাপারটা বিমান বন্দর খোলা থাকা অবস্থায় কাছে কিংবা দূরে ঘটে। তখন কিন্তু বলতেই হয় আমি উদ্বিগ্ন এবং দেখার অপেক্ষায় যে পরিকল্পনা অনুযায়ী কাল সফর করতে পারবো কিনা।  কারণ ব্যাপারটা নিয়ে আমরা মোটেও নিশ্চিত নই। বলতে পারেন সেই দিক দিয়ে চিন্তিত।’

বিমানবন্দর বন্ধ হওয়ার আশঙ্কায় স্ক্যালোনি মঙ্গলবার ভ্রমণের কথা বলেছিলেন। কিন্তু সেই সুযোগ তাদের দেওয়া হয়নি।  এখন যদি আবহাওয়া অনুকূল থাকে, তাহলে ম্যাচের একদিন আগে ভেনেজুয়েলায় যাবে আর্জেন্টিনা। সব মিলে তাই নিজেদের কঠিন বাস্তবতার মাঝেই দেখছেন স্ক্যালোনি, ‘লজিস্টিকের ব্যাপারটা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা এখন ম্যাচের একদিন আগে পৌঁছাবো। আমাদের একটা যাত্রা বিরতি থাকবে। কারণ তারা আমেরিকা থেকে ভেনেজুয়েলায় সরাসরি ফ্লাইটের অনুমতি দিচ্ছে না।’      

সব মিলে তাই নিজেদের দুর্ভাগা মনে করছেন আর্জেন্টাইন কোচ, ‘এসব বিষয় আমাদের ওপর নির্ভর করছে না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তার পরেও সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে খেলোয়াড় ও স্টাফদের সুরক্ষা ও সুস্বাস্থ্য।’

এদিকে, অধিনায়ক লিওনেল মেসি অনুশীলনের সব সেশনেই অংশ নিয়েছেন। অক্টোবর রাউন্ডের সব বাছাই ম্যাচে তাকে পাওয়ার আশা করা হচ্ছে। তবে ইনজুরিতে রয়েছেন বেশ কয়েকজন। থাকছেন না মার্কোস আকুনা ও আলেহান্দ্রো গারনাচো। গোলকিপার এমি মার্টিনেজ অবশ্য ফিফা নিষেধাজ্ঞায় খেলতে পারবেন না।