ভারতের কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী টুর্নামেন্ট আইএফএ শিল্ড। একসময় বাংলাদেশের ক্লাবগুলো সেখানে নিয়মিত অংশ নিতো। এছাড়া প্রায় প্রতিবার সেখান থেকে আমন্ত্রণ এলেও এক যুগ ছিল না কোনও দলের অংশগ্রহণ। এবার অবশ্য নতুন করে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিংকে আমন্ত্রণ জানানো হয়েছে। ঢাকার ক্লাবটি খেলতে সম্মতিও জানিয়েছে।
৯-২১ নভেম্বর কলকাতায় আইএফএ শিল্ডে অংশ নেবে মোহামেডান। সম্মতি জানিয়ে চিঠিও পাঠিয়েছে সাদাকালোরা। ৩০ সদস্যদের দল নিয়ে যাওয়ার লক্ষ্য মোহামেডানের। তবে আয়োজকরা চাইছে ২৪ সদসের দল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। ক্লাবটির পরিচালক আবু হাসান প্রিন্স বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আইএফএ শিল্ডে খেলার জন্য আমরা চিঠি দিয়ে সম্মতি জানিয়েছি। ওই সময় আমাদের এখানে খেলা নেই। তবে ৩০ সদস্যের দল ছাড়া খেলা কঠিন। এ নিয়ে কথা চলছে।’
১৯৯৫ সালে সবশেষ মোহামেডান সেখানে খেলেছিল। হয়েছিল রানার্সআপ। এছাড়া, বাংলাদেশ থেকে শেখ জামালও সবশেষ অংশ নিয়ে রানার্সআপ হয়েছিল।