লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর কেউই নেই এবারের ব্যালন ডি’অরের দৌড়ে। ফুটবলের সম্মানজনক পুরস্কারের জন্য এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন ভিনিসিয়ুস জুনিয়র ও জুডে বেলিংহ্যামের মতো উঠতি তারকারা। আগামী ২৮ অক্টোবর জানা যাবে বিজয়ীর নাম। তার আগে অনেকেই তাদের ভবিষ্যদ্বাণী করতে শুরু করেছেন। এই যেমন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক লিওনেল মেসি করলেন। দুজনের মতেই, এবারের ব্যালন ডি’অরের যোগ্য তাদের স্বদেশী লাউতারো মার্তিনেজ।
বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ছয় গোলে জিতেছে আর্জেন্টিনা। একাই তিনটি গোল করার পাশাপাশি দুটি বানিয়ে দিয়েছেন মেসি, তার একটি করেছেন মার্তিনেজ। এই বছর দারুণ কেটেছে ২৭ বছর বয়সী ফরোয়ার্ডের। আর্জেন্টিনার সঙ্গে কোপা আমেরিকা ও ইন্টার মিলানের জার্সিতে সিরি আ শিরোপা জিতেছেন। পাঁচ গোল করে কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটও জিতেছেন তিনি। দারুণ পারফরম্যান্স করে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নাম তুলেছেন মার্তিনেজ। কিন্তু ফেভারিটের তালিকায় তার নাম খুব একটা শোনা যায়নি।
মেসি মনে করেন, ইন্টার স্ট্রাইকার এই সম্মানজনক পুরস্কার পাওয়ার দাবি রাখেন। আটবারের ব্যালন ডি’অর জয়ীর ব্যাখ্যা, ‘তার চমৎকার একটি বছর কেটেছে, কোপা আমেরিকার ফাইনালে গোল করলো, সেই ছিল সর্বোচ্চ স্কোরার। ব্যালন ডি’অরের জন্য অন্য যে কারও চেয়ে বেশি যোগ্য সে।’
এর আগের দিন স্কালোনিও মার্তিনেজকে ব্যালন ডি’অরের উপযুক্ত দাবি করেছেন, ‘আমার মনে হয় না ব্যালন ডি’অরের জন্য লাউতারো মার্তিনেজের চেয়ে যোগ্য আর কেউ আছে। নিশ্চিতভাবে এখন না পেলেও, ভবিষ্যতে এটা সে পাবে। তার সামনে এখনও দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে।’