উরুগুয়ে ফুটবলের সাবেক তারকা ডিয়েগো ফোরলানকে এবার টেনিস কোর্টে দেখা যাবে। পেশাদার হিসেবে র্যাকেট হাতে নিয়ে নেটের এপাশ-ওপাশ মাতাবেন ২০১০ বিশ্বকাপের সেরা খেলোয়াড়। আগামী মাসে উরুগুয়ান ওপেনের দ্বৈত প্রতিযোগিতায় এটিপি চ্যালেঞ্জার টেনিসে অভিষেক হচ্ছে তার।
এটিপি এককে ১০১ নম্বর র্যাঙ্কিংধারী আর্জেন্টাইন ফেডেরিকো কোরিয়ার সঙ্গে জুটি বাঁধবেন ম্যানইউর সাবেক ফরোয়ার্ড। টেনিস প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ স্তরের এই টুর্নামেন্ট এটিপি চ্যালেঞ্জার ট্যুরের অংশ। দেশটির রাজধানী মন্টেভিডিওতে ১১ থেকে ১৭ নভেম্বর চলবে এই টুর্নামেন্ট।
উরুগুয়ে ওপেন টুর্নামেন্ট ডিরেক্টর ডিয়েগো লোপেজ নিশ্চিত করেছেন, ফোরলান তাদের প্রতিযোগিতায় খেলার আমন্ত্রণ গ্রহণ করেছেন।
৪৫ বছর বয়সী ফোরলান ২০১৯ সালের আগস্টে ফুটবল থেকে অবসর নেন। ভিয়ারিয়াল, অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের জার্সিতে খেলেছেন তিনি। ২০১০ সালের বিশ্বকাপে উরুগুয়েকে সেমিফাইনালে তোলার পর ফোরলান গোল্ডেন বল পুরস্কার পান।
ফোরলান জানান, ছোটবেলায় কয়েকবার টেনিস র্যাকেট হাতে তুলে নিয়েছিলেন। বাবার পথ অনুসরণ করছেন তিনি, ‘আমার বাবা ফুটবল খেলতেন এবং অবসরের পর ৪১ বছর বয়সে টেনিস খেলা শুরু করেন। আমিও দুই বছর বয়সে (টেনিস খেলা) শুরু করেছিলাম। তারপর তো সবার জানা, আমি নিজেকে ফুটবলের প্রতি বিলিয়ে দিলাম। এখন আমি যখনই সময় পাবো, এই খেলাতে সময় দেবো।’