কম্বোডিয়াতে শফিকের গোলে ফিলিপাইনকে হারালো বাংলাদেশ

কম্বোডিয়াতে এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে প্রথম ম্যাচে দাপট দেখিয়েও ১০ জনের স্বাগতিক দলকে হারাতে পারেনি বাংলাদেশ। আজ বুধবার নমপেনে বাংলাদেশকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। মোহাম্মদ শফিক রহমানের লক্ষ্যভেদে লাল সবুজ দল ১-০ গোলে ফিলিপাইনকে হারিয়েছে। 

বাংলাদেশের বয়সভিত্তিক এই দলে রয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী ফরোয়ার্ড আরহাম ইসলাম। ম্যাচের ১৮ মিনিটে বক্সের সামনে তিনি ফা্উলের শিকার হলে রেফারি ফ্রি কিকের বাঁশি বাজান। সেখান থেকে শফিক দুর্দান্ত শটে জাল কাঁপিয়ে দলকে এগিয়ে নেন।

যদিও বাংলাদেশের আগে ম্যাচে লিড নেওয়ার সুযোগ পেয়েছিল ফিলিপাইন। ১৫ মিনিটে গোলকিপারকে একা পেয়েও বল জালে পাঠাতে পারেনি তাদের এক খেলোয়াড়। আগুয়ান গোলকিপার বল ধরতে আসলে বাধাপ্রাপ্ত হন ফিলিপাইন ফরোয়ার্ড। রেফারিকে পেনাল্টির বাঁশি বাজাতে সময় লাগেনি।

বাংলাদেশের গোলকিপার আলিফ রহমান পেনাল্টি রুখে দিয়ে ফিরতি শটও প্রতিহত করে দারুণভাবে নিজের মুন্সিয়ানা দেখান। ম্যাচের দ্বিতীয়ার্ধে ফিলিপাইন একাধিক গোলের সুযোগ তৈরি করেও সমতায় ফিরতে পারেনি। প্রতিবারই বাধা হয়ে দাঁড়ান বাংলাদেশের তেকাঠির নিচে দাঁড়ানো আলিফ। দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। 

আজকের জয়ে বাংলাদেশের চূড়ান্ত পর্বে খেলার আশা টিকে রইলো।