ঢাকায় কিংস অ্যারেনাতে ১৩ ও ১৬ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটিতে নেই নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন জন্ম দিলেও জানা গেছে, জামাল নিজেই এবারের দুটি ম্যাচ খেলতে চাননি। সেটা আগেভাগেই স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাকে জানিয়ে রেখেছিলেন।
ঠিক কী কারণে আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন তা জানার জন্য যোগাযোগ করা হলে সুখবর দিয়েছেন তিনি! ২০২০ সালে বিয়ের পিড়িতে বসা জামাল আসছে নভেম্বরে বাবা হতে যাচ্ছেন। তাই স্ত্রীর পাশে থাকতে ডেনমার্কে রয়েছেন। এছাড়া প্রিমিয়ার লিগে প্রথম পর্বেও খেলছেন না। ব্রাদার্স ইউনিয়নের হয়ে শুরুর দিকে কিছু দিন অনুশীলন করলেও এখন তো স্ত্রীর পাশে রয়েছেন।
বাংলা ট্রিবিউনকে জামাল ভূঁইয়া বলেছেন, ‘প্রথমবারের মতো আমাদের সন্তান আসছে। সময় বেঁধে দেওয়া হয়েছে নভেম্বর। তাই ওর পাশে থাকার জন্য জাতীয় দলে আপাতত খেলা হচ্ছে না। হাভিয়ারকে আগেই জানিয়েছি। আমার কাছে সবার আগে পরিবার। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’