স্পেনে ভয়াবহ বন্যা

ফুটবল নিয়ে এখন কথা বলা খুব কঠিন: আনচেলত্তি

ভয়াবহ বন্যার কবলে পড়েছে স্পেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভ্যালেন্সিয়া অঞ্চল। বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগের কারণে লা লিগার চলতি সপ্তাহের বেশ কয়েকটি ম্যাচ স্থগিত করা হয়েছে। এই তালিকাতে ছিল রিয়াল মাদ্রিদের খেলাও। আগামীকাল মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের খেলা, ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ফুটবল নিয়ে কিছু বলতে চাইলেন না তাদের কোচ কার্লো আনচেলত্তি।

স্পেনের পূর্বে বন্যা পরিস্থিতির কারণে অন্তত ২১৭ জন নিহত হয়েছেন, নিখোঁজ বহু মানুষ। এই দুর্যোগের কারণে শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের লিগ ম্যাচ স্থগিত হয়েছে।

আনচেলত্তির মতে, এই সপ্তাহে স্পেনে সব ম্যাচ স্থগিত রাখা উচিত ছিল। অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে এবং একাধিক খেলোয়াড়ও এমন কথা বলেছিলেন।

আনচেলত্তি বলেন, ‘কেউই খেলতে চেয়েছিল না, আমার কাছেও সেটাই সঠিক মনে হয়েছিল। কিন্তু আমরা তো দায়িত্বে নেই, যারা সিদ্ধান্ত নিতে পারি। অনেকভাবেই সাহায্য করা যায়... ফুটবল বন্ধ রেখেও।’

মঙ্গলবার এসি মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের খেলা রিয়ালের। ১৯৮৯ ও ১৯৯০ সালে ইতালিয়ান ক্লাবটির হয়ে এই প্রতিযোগিতায় শিরোপা জিতেছেন আনচেলত্তি। রোমাঞ্চ ছুয়ে যাওয়ার কথা তার, কিন্তু ফুটবল নিয়ে কথা বলার মতো অবস্থা তার মনের নেই।

আনচেলত্তি সংবাদ সম্মেলনে বললেন, ‘আমি আশা করি (পরিস্থিতি) দ্রুত ঠিক হয়ে যাবে। আপনারা ভালো বুঝতে পারবেন, ফুটবল নিয়ে কথা বলা এখন খুব কঠিন।’

তিনি আরও বললেন, ‘আমরা এই দেশের অংশ এবং আমাদের ওপরও এর প্রভাব পড়ছে। ফুটবল নিয়ে কথা বলতে এখন ভালো লাগছে না। কাল আমাদের জন্য খুব বিশেষ খেলা। আমি যতটুকু পারি চেষ্টা করবো কথা বলতে।’