চ্যাম্পিয়নস লিগে ঘুরে দাঁড়ানোর মিশনে আজ মঙ্গলবার রাত ২টায় নামছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ এসি মিলান। যা আবার রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির সাবেক ক্লাবও। তাই ঘুরে ফিরে মিলানের অতীত গৌরবের কথাই সামনে আসছে।
ইউরোপের সাতবার চ্যাম্পিয়ন মিলান। তাদের চেয়ে বেশি শিরোপা ঘরে তুলেছে শুধুমাত্র রিয়াাল মাদ্রিদ। তার ওপর সর্বশেষ শিরোপা জিতেছে আনচেলত্তির অধীনে। সেই ২০০৭ সালে লিভারপুলকে হারিয়ে। তখন তারার হাট ছিল মিলান।
আনচেলত্তির সেই দলে ছিলেন পাউলো মালদিনি, কাকা, ফিলিপ্পোা ইনজাগিরা। ২০০৭ সালের আগে ২০০৩ সালেও মিলান আনচেলত্তির অধীনে জিতেছে চ্যাম্পিয়নস লিগ। তাই অতীতে ক্লাবের মুখোমুখি হবেন দেখে আপ্লুত হয়ে পড়ছেন রিয়াল মাদ্রিদের বর্তমান এই কোচ। তার মতে, ‘অতীতের কথা ভাবলে এটা অবশ্যই আমার জন্য বিশেষ ম্যাচ। আমার মনে হয় ভালো ম্যাচ হবে। মিলানের শুরুটা হয়তো ভালো হয়নি। তবে তাদের দলটা ভালো। প্রতিভা আছে।’
মিলানের সর্বশেষ সাফল্য ১৭ বছর আগে। এই সময়ে ৬টি চ্যাম্পিয়নস লিগ জিতেছে মাদ্রিদ। তার মধ্যে ডাগআউটে আনচেলত্তি থাকা অবস্থাতেই জিতেছে তিনটি। আর মিলানের টুর্নামেন্টে সর্বশেষ সেরা সাফল্য ২০২৩ সালের সেমিফাইনাল। দুর্দান্ত ক্যাম্পেইনে শেষ চারে উঠলেও সেটা তিক্ততায় শেষ হয় নগরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের কাছে পরাজয়ে।
আনচেলত্তি শুধু দুটি চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছিলেন বলেই মিলান আইকন নন। তিনি লাল-কালোদের হয়ে ক্ল্যাসি মিডফিল্ডার হিসেবেও মাঠ কাঁপিয়েছেন। ১৯৮৯ ও ১৯৯০ সালে জিতেছেন পুরোনো ইউরোপিয়ান কাপ। তার ক্যারিয়ারে সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি ছিল ১৯৮৯ সালে। সেমিফাইনালের দ্বিতীয় লেগে এই মাদ্রিদকেই ৫-০ গোলে বিধ্বস্ত করেছিল মিলান। সেই ম্যাচে রকেট গতির শটে শুরুর গোলটি করেছিলেন আনচেলত্তি। তাছাড়া গোল করেছিলেন ফ্র্যাঙ্ক রিকার্ড, মার্কো ফন বাস্তেন, রুদ গুলিত ও রবের্তো ডোনাডোনি। যে ম্যাচের কথা আজও ঘুরে ফিরে আসছে।
একই সময় রাত ২টায় নামছে ম্যানচেস্টার সিটি। তাদের প্রতিপক্ষ আবার স্পোর্তিং সিপি। এই ম্যাচ আবার আলোচনায় সদ্য ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়া রুবেন আমোরিমের জন্য। তিনি স্পোর্তিংয়ের হয়ে আজ শেষবারের মতো দায়িত্ব পালন করেই ইংলিশ ক্লাবটিতে যোগ দেবেন। লিগে এখন পর্যন্ত ৩ ম্যাচে সিটি ও স্পোর্তিং দুটি দলই সাত পয়েন্ট নিয়ে অবস্থান করছে। সিটির আবার ঘুরে দাঁড়ানো জরুরি। প্রিমিয়ার লিগে বোর্নমাউথের কাছে প্রথম হারের স্বাদ পেয়েছে। যে হারে লিগে টানা অপরাজিত থাকার ছন্দেও পড়েছে ছেদ।