লা লিগায় রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হারের ধাক্কা খেয়েছে বার্সেলোনা। একই ম্যাচে আবার রবের্ত লেভানডোভস্কির একটি গোল বিতর্কিতভাবে বাতিলও হয়েছে। পরাজয়ের পর রেফারির ভুলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক।
৩৩ মিনিটে শেরালডো বেকারের একমাত্র গোলটি মৌসুমে বার্সাকে দ্বিতীয় হারের তিক্ত স্বাদ দিয়েছে। তাতে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ৬। ম্যাচও খেলেছে একটি বেশি। একই ম্যাচে অবশ্য লেভানভোস্কি জাল কাঁপিয়েছিলেন ঠিকই। কিন্তু অফসাইডে সেটি বাতিল হয়েছে। শুরুর দিকে এই বাতিল হওয়া গোলটি নিয়েই চলছে তর্ক-বিতর্ক। প্রশ্ন উঠেছে পোলিশ তারকা আসলেই সেই মুহূর্তে অফসাইডে ছিলেন কিনা। বার্সা কোচ ফ্লিক অবশ্য রাখঢাক করেননি। ম্যাচের পর সরাসরি বলেছেন, ‘এটা ভুল সিদ্ধান্ত ছিল। এটা একেবারে পরিষ্কার। কিন্তু আমাদের সেটাই গ্রহণ করতে হবে।’
রেফারিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বলেছেন, ‘আসলে ভুলটা রেফারির নয়। আমরা মানুষ। মানুষই ভুল করে থাকে। তবে আজকের ভুলটা অনেক বড় ছিল।’
গোড়ালির চোটে ম্যাচ খেলা হয়নি টিনএজ তারকা লামিনে ইয়ামালের। এই মৌসুমে প্রথমবারের মতো এমন ম্যাচ গেলো যেখানে কাতালানরা একটি গোলও পায়নি! লক্ষ্যে ছিল না কোনও শট। বরং দৃঢ়তা দেখিয়েছে সোসিয়েদাদ। তাই হারের পর নিজেদের ভুলগুলোও এড়িয়ে যাচ্ছেন না ফ্লিক, ‘হারের দায়টা অবশ্যই আমাদের ওপর পড়ে। আমরা আরও ভালো খেলতে পারতাম। আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। এটাই সত্যি।’