এবারের ব্যালন ডি’অর জিতেছেন স্পেনের তারকা রদ্রি। কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় আছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র। পুরস্কার জিতবেন না দেখে অনুষ্ঠান বয়কট করেছেন। একই কাজ করেছে তার দল রিয়াল মাদ্রিদও। তবে সেজন্য কোনও ধরনের ক্ষোভ পুষে রাখছেন না ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি।
রেডিও কোপকে দেওয়া সাক্ষাৎকারে প্রসঙ্গটি উঠতেই রদ্রি জানান, ‘ওদের না আসায় খারাপ লাগবে কেন? কারণ মুহূর্তটা আমারই ছিল। যেখানে পরিবারসহ উপভোগ করছিলাম। সর্বশেষে হয়তো চিন্তা করবো কারা এখানে উপস্থিত নেই কিংবা অংশ নিতে চাইছে না। ’
স্পেনের এই তারকা জানালেন যদি সুযোগ থাকতো তাহলে জাতীয় দলের সতীর্থ ও রিয়াল মাদ্রিদ তারকা দানি কারভাহালকে তো বটেই, ভিনিসিয়ুসকেও ভোট দিতেন, ‘আমি ভিনিসিয়ুসকে অনেক শ্রদ্ধা করি। একইভাবে রিয়াল মাদ্রিদকেও। যারা আমাকে চেনে তারা বিষয়টা ঠিকই জানে। আমি দানি কারভাহালকে ভোট দিতাম। ভিনিসিয়ুসকেও। কারভাহাল হয়তো দুইয়ে থাকতো।’
ভোটাভুটির ফল বের হওয়ার পর এটা পরিষ্কার হয় ভিনির চেয়ে রদ্রি ৪১ পয়েন্ট বেশি পেয়ে পুরস্কার জিতেছেন। বিচারক হিসেবে ছিলেন ১০০ আন্তর্জাতিক সাংবাদিক। তালিকায় মাদ্রিদের জুড বেলিংহ্যাম তৃতীয় ও কারভাহাল চতুর্থ হয়েছিলেন।
ম্যানসিটির প্রিমিয়ার লিগ জয়ে কেন্দ্রীয় ভূমিকা পালন করা রদ্রি স্পেনের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়েও অবদান রেখেছিলেন। পুরস্কার জেতার পর বলেছিলেন, ‘আমার জন্য অবিশ্বাস্য রাত। পরিবার, দেশ আর আমার জন্য বিশেষ একটি দিন।’