এক বছরের বেশি সময় ফুটবলের বাইরে থেকে ফিরে এসে ঢাকার মাঠে চমকই দেখালো মালদ্বীপ। বাংলাদেশকে এক গোলে হারিয়ে কিংস অ্যারেনাতে আনন্দ করেছে ফাসির-নাইজরা। নিজেদের ৪৫ বছরের ইতিহাসে এই প্রথম বাংলাদেশকে তাদের মাঠে জিতে উচ্ছ্বাস ছিল দেখার মতো।
মালদ্বীপের কোচ আলী সুজেইন সংবাদ সম্মেলনের শুরুতেই বললেন, ‘মালদ্বীপের ফুটবলে এটি একটি ঐতিহাসিক জয়। ৪৫ বছরের ইতিহাসে আজই বাংলাদেশের মাঠে জিতলো মালদ্বীপ। এজন্য মালদ্বীপ ফুটবল দলকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই।’
এই ম্যাচের আগে বাংলাদেশ-মালদ্বীপ ১৮ বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ ৮ বার ও মালদ্বীপ ৬ বার জিতেছে। ৪ বার ড্র হয়েছে। মালদ্বীপের ছয়টি জয়ের একটিও বাংলাদেশের মাটিতে ছিল না। সুজেইন বলেছেন, ‘আমি কোচ থাকা অবস্থায় বাংলাদেশের বিপক্ষে জয়, ড্র ও হার তিনটিই হয়েছে মালদ্বীপে। দুই দেশের ফুটবলে আগে বিস্তর ফারাক ছিল, গত ৩-৪ বছরে প্রায় সমপর্যায়ে চলে এসেছে।’
গত বছর অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে হারের পর মালদ্বীপ আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। এক বছর হয়নি ঘরোয়া লিগও। আজ ম্যাচ জিতলেও তার খেলোয়াড়দের ফিটনেস আন্তর্জাতিক পর্যায়ের নয়, সেটা অকপটে স্বীকার করেছেন কোচ নিজেই, ‘দ্বীপভিত্তিক কিছু ম্যাচ খেলেছে ফুটবলাররা। মাজিয়া এএফসি চ্যালেঞ্জ লিগ খেলেছে। এরপরও আমাদের ফুটবলারদের ফিটনেস এখনও আন্তর্জাতিক পর্যায়ের জন্য যথেষ্ট নয়।’
মালদ্বীপ ম্যাচ জিতলেও বাংলাদেশ বেশ কয়েকটি গোলের সুযোগ মিস করেছে। তাদের গোলরক্ষক হুসাইন শরীফ দুর্দান্ত কয়েকটি সেভ করেছেন। আবার ডিফেন্ডাররা দারুণ শট ব্লক করেছেন। সুজেইন বলেছেন, ‘বাংলাদেশ যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। আমার খেলোয়াড়রাও দারুণ খেলেছে। আমার দৃষ্টিতে ম্যান অফ দ্য ম্যাচ আমাদের নাম্বার ফাইভ (মোহামেদ ইরুফান)। এই জয়ে তার অবদান অনেক।’