বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচের আগেই বিতর্কের জন্ম দিয়েছে প্যারাগুয়ে। নিজেদের মাঠে শুক্রবার ভোর সাড়ে ৫টায় আর্জেন্টিনাকে আতিথ্য দেবে তারা। কিন্তু ম্যাচের আগে লিওনেল মেসি ও আর্জেন্টিনার খেলোয়াড়দের জার্সির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন।
নিষেধাজ্ঞাটা অবশ্য শুধু প্যারাগুয়ের ভক্তদের জন্য। যারা স্বাগতিক হয়েও মাঠে নিজ দেশ বাদ দিয়ে মেসি ও আর্জেন্টিনার খেলোয়াড়দের জার্সি পরে আসতে চান- বিধি নিষেধটা শুধু তাদের জন্য। প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া ম্যাচের আগে এভাবেই স্বাগতিকদের সতর্ক করেছেন, ‘আমরা অন্য দলের জার্সি পরে মাঠে প্রবেশের অনুমতি দিবো না। মেসির বিপক্ষে আমাদের কোনও সমস্যা নেই। আমরা সব ফুটবলারের ক্যারিয়ারকে সম্মান করি। কিন্তু হোম গ্রাউন্ড আমাদের দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।’
ম্যাচের আগে এই নিষেধাজ্ঞার প্রসঙ্গই স্থান পেয়েছে সংবাদ সম্মেলনে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি মনে করেন, নিষেধাজ্ঞা থাকলেও আর্জেন্টিনার জার্সি শোভা পাবে স্বাগতিকদের গ্যালারিতে, ‘যৌক্তিকভাবে প্যারাগুয়ে ফুটবলার, সেখানকার ভক্তরা জাতীয় দলের জার্সিই পড়বে। কিন্তু একজন মেসি তাদের চেয়েও বড়। ফলে এখানে আর্জেন্টিনার জার্সি থাকাটা অসম্ভব কিছু না।’
তিনি আরও পরিষ্কার করে বলেছেন, ‘জার্সি পরা মানেই তারা প্যারাগুয়েকে সমর্থন করে না- ব্যাপারটা এমন নয়। আমার মনে হয় ফুটবল ভক্তরা মেসিকে যে তার ওজন অনুযায়ী স্বীকৃতি দিচ্ছে, সেটা ভালো। তার মানে এই নয় জার্সি আছে বলেই কেউ আর্জেন্টাইন ভক্ত হয়ে গেলো।’
প্যারাগুয়ে কোচ গুস্তাভো আলফারো অবশ্য বলেছেন, এই নিষেধাজ্ঞা নিয়ে তার কোনও মাথা ব্যথা নেই, ‘এই নিষেধাজ্ঞা নিয়ে আমার কোনও মাথা ব্যথা নেই। ব্যাপারটা নিয়ে কিছুই জানি না। আমার মনে হচ্ছে এটা হয়তো সম্ভাব্য ঝামেলা এড়ানোর একটা কৌশল। মেসি এই ম্যাচে আমাদের প্রতিপক্ষ। পেরুর বিপক্ষে জীবনের সেরা ম্যাচ খেলুক এই কামনা করি। কিন্তু এই ম্যাচের জন্য নয়।’