বাফুফে ভবনে ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠানেই প্রিমিয়ার লিগ ও অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগের বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রিমিয়ার লিগের গত মৌসুমের সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড রাকিব হোসেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১৮ ম্যাচ খেলে রাকিব ১০ গোল করেছেন, অ্যাসিস্ট দুটি। পেশাদার লিগে কিংসকে টানা পঞ্চম ট্রফি জেতাতে তার রয়েছে অসামান্য অবদান। এছাড়া জাতীয় দলের ২৬ বছর বয়সী ফরোয়ার্ড মোহামেডানের বিপক্ষে গোল করে কিংসকে স্বাধীনতা কাপও জেতান।
সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন আবাহনীর কর্নেলিয়াস এজেকিয়েল স্টুয়ার্ট।
এছাড়া সেরা গোলকিপার হয়েছেন বাংলাদেশ পুলিশের আহসান হাবীব। একই দলের রোমানিয়ান অ্যারিস্টিকা সিওয়াবা হয়েছেন সেরা কোচ।
ফেয়ার প্লে ট্রফি পেয়েছে ফর্টিস এফসি।
অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগের চ্যাম্পিয়ন দলের ট্রফি ও মেডেল পেয়েছে আবাহনী। রানার্সআপ হয়েছে ফর্টিস এফসি। এই লিগের সর্বোচ্চ গোলদাতা আবাহনীর ইয়াসিন আরাফাত সিফাত। সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। ফেয়ার প্লে ট্রফি পেয়েছে মোহামেডান।