রোমানিয়ার কোচ তিতা এখনও এএফসি চ্যালেঞ্জ লিগের দুঃস্বপ্ন থেকে বের হতে পারেননি। প্রথমবারের মতো দলের দায়িত্ব নিলেও থিম্পুতে জঘন্য ফল করেছে বসুন্ধরা কিংস। স্থান হয়েছে তলানিতে। শুধু তাই নয়, অস্কার ব্রুজনের ইস্ট বেঙ্গলের কাছে চার গোলে হারের লজ্জা তো আছেই। তাই তো আজ বৃহস্পতিবার ঘরোয়া ফুটবলে প্রথমবারের মতো চ্যালেঞ্জ কাপের সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে আসছে থিম্পুতে কিংসের দুঃসহ স্মৃতি। যদিও সেই স্মৃতি ভুলে মোহামেডানের বিপক্ষে জিতেই ট্রফি ঘরে তুলতে চাইছেন তিনি।
আজ কিংস অ্যারেনাতে সংবাদ সম্মেলনে বসুন্ধরা কোচ বলেছেন, ‘কাল আমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। কেননা ভুটানে খারাপ ফল করেছি। এটা কখনও আমার ক্যারিয়ারে হয়নি। কখনও হবে না। কাল ভালো ম্যাচ হতে যাচ্ছে। শুধু দলের জন্য নয়, আমার জন্যও ম্যাচটি গুরুত্বপূর্র্ণ।’
ভুটান স্মৃতি নিয়ে তিতার কথা, ‘ভুটানে আমরা ১৬টি গোলের সুযোগ পেয়েছিলাম। বেশিরভাগই মিস হয়েছে। শুধু একটি বাদে। আশা করছি, কালও ভালো সুযোগ আসবে। খেলোয়াড়রা তা কাজে লাগাতে পারবে।’
প্রতিপক্ষ মোহামেডানকে কঠিন প্রতিপক্ষ মনে করে জয়ের প্রত্যাশা তিতার, ‘ভুটানের ম্যাচের (এএফসি চ্যালেঞ্জ লিগের) পর আমরা দলটাকে প্রস্তুত করেছি। মোহামেডান কঠিন প্রতিপক্ষ। আমি মনে করি ছেলেরা কাল শুক্রবার নিজেদের সর্বোচ্চটুকু দিবে। আশা করি, সেরা দলই জিতবে।’
ডিফেন্ডার সাদ উদ্দিনও জয়ের প্রত্যাশা করে বলেছেন, ‘কাল আমাদের মৌসুমের প্রথম ম্যাচ। এটা অনেক বড় চ্যালেঞ্জ ভুটানে খারাপ রেজাল্ট করে এসেছি বলে। কাল আমরা চেষ্টা করবো জিতে মৌসুমটা ভালোভাবে শুরু করতে।’
কিংস অ্যারেনাতে শুক্রবার বিকাল ৫টায় শুরু হবে ধুন্ধুমার লড়াই।