আজ রাতেই ঢাকা ছাড়ছে বাংলাদেশ ফুটবল দল

বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ম্যাচের চেয়ে দলের শৃঙ্খলার বিষয়টি আসে ঘুরে ফিরে। জর্ডানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে আজ রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে বাফুফে ভবনে বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ম্যাচের চেয়ে দলের শৃঙ্খলার বিষয়টি আসে ঘুরে ফিরে।
নতুন অধিনায়ক রেজাউল করিম তাই পারফরম্যান্সের চেয়ে শৃঙ্খলার বিষয়টি ভাবছেন বেশি। তিনি বলেন, ‘জাতীয় দলে শৃঙ্খলা অবশ্যই কাম্য। এসএ গেমসে আমি অধিনায়ক ছিলাম। দলটি বেশ সুশৃঙ্খলই ছিল। যেহেতু শৃঙ্খলা ভঙ্গের জন্য কয়েকজন খেলোয়াড় শাস্তি পেয়েছেন। তাই এবার আমরা আরও বেশি শৃঙ্খলার মধ্যে থাকার চেষ্টা করব। ওয়ালী ভাই, জামাল, নাসির সিনিয়র খেলোয়াড়। আমি অধিনায়ক হলেও সিনিয়র ও জুনিয়রদের সাহায্য নিয়েই দল সুশৃঙ্খল রাখার চেষ্টা করব।’

তবে দলনেতা বাদল রায়ের অবশ্য শৃঙ্খলার পাশাপাশি পারফরম্যান্সেও নজর রাখার নির্দেশ,‘ খেলোয়াড়দের শুধু শৃঙ্খলা নিয়ে মাথা ঘামালে হবে না। মাঠে সেরা পারফরম্যান্সটা করতে হবে। সাম্প্রতিক সময়ে আমাদের ফলাফল খারাপ। এতে আমরা অসন্তুষ্ট নই তবে পারফরম্যান্সও আশাব্যাঞ্জক নয়। আশা করি এই দুই ম্যাচে পারফরম্যান্স ভালো হবে।’

প্রথমে তৃণমূলের কোচ হয়ে এলেও এখন জাতীয় দলের কোচ স্প্যানিশ গঞ্জালো সানচেজ মরেনো। ৮ সেপ্টেম্বর জর্ডানের বিরুদ্ধে হোম ম্যাচে বাংলাদেশ ০-৪ গোলে হেরেছিল। অ্যাওয়ে ম্যাচে মরেনো স্বাভাবিকভাবেই কঠিন চ্যালেঞ্জের মুখে। কোচ তার দলের লক্ষ্য স্পষ্ট করে কিছু বলেননি,‘ জর্ডান বেশ শক্তিশালী দল। আমরা ভালো ফুটবল খেলতে চাই। ফুটবলে ভালো কিছুর জন্য ভাগ্যও প্রয়োজন। ’

তবে অধিনায়ক রেজা অবশ্য বলেছেন, ‘কিরগিজস্তানের বিপক্ষে আমরা হোমে ৩-১ গোলে হেরেছিলাম। অ্যাওয়েতে অবশ্য ০-২ গোলে হেরেছি। জর্ডানের সঙ্গে হোমে বড় ব্যবধানে হারলেও অ্যাওয়েতে ভালো কিছু হতেও পারে।’

 

আন্তর্জাতিক পর্যায়ে গোলখরা বাংলাদেশের অন্যতম সমস্যা। ইনজুরির জন্য স্ট্রাইকার সাখওয়াত রনি না থাকাটা তাই কোচের জন্য একটু চিন্তারই, ‘সাখওয়াত রনি ও হেমন্ত ( দুই কার্ড) থাকলে ভালো হতো। দলে তাদের প্রয়োজন অনেক। অন্যরা যারা রয়েছে। তাদের অভাব পূরণের চেষ্টা করবে। ’

শেখ জামালের এএফসি কাপ শেষ করে কয়েকজন( হিমেল,জামাল ভূইয়া,কেস্টো,তপু ) ফুটবলার আজ ক্যাম্পে যোগ দিয়েছেন।

১৮ মার্চ আরব আমিরাতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আরব আমিরাত থেকে ২১ মার্চ জর্ডান পৌঁছাবে বাংলাদেশ দল।

২৩ সদস্যের স্কোয়াড: মাজহারুল ইসলাম হিমেল, রাসেল মাহমুদ লিটন, আশরাফুল ইসলাম রানা ( গোলরক্ষক ), তপু বর্মণ, কেস্টো কুমার, নাসিরুল ইসলাম,ওয়ালী ফয়সাল, রেজাউল করিম, ইমন মাহমুদ, রুবেল মিয়া, রায়হান হাসান, শাহেদুল আলম ( জুনিয়র ), শাহেদুল আলম ( সিনিয়র ), মোনায়েম রাজু,ফজলে রাব্বি, শাকিল আহমেদ, আমিনুর রহমান সজীব, জামাল ভূঁইয়া, রুবেল মিয়া, মাসুক মিয়া জনি, আতিকুর রহমান ফাহাদ, নবীব নেওয়াজ জীবন ও জুয়েল রানা।

/আরএম/এফআইআর/