নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে ছন্দে নেই রিয়াল মাদ্রিদ। তাদের দুর্দশা আরও প্রকট করে তুলেছে লিভারপুল। স্প্যানিশ জায়ান্টদের ২-০ গোলে হারিয়ে লিগ পর্বে শীর্ষস্থান ফিরে পেয়েছে ইংলিশ জায়ান্টরা। তাতে ১৫ বছর পর রিয়াল মাদ্রিদকে হারানোর কৃতিত্ব দেখাতে পেরেছে লিভারপুল! এই পরিসংখ্যানেই বোঝা যাচ্ছে রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক অবস্থান। অথচ ২০১৮ ও ২০২২ সালের ফাইনালসহ সর্বশেষ আট ম্যাচেই রিয়াল মাদ্রিদ ছিল অপরাজিত। যা এখন অতীত।
চলতি মৌসুমে সবচেয়ে ছন্দে থাকা দলটি লিভারপুল। ৫ ম্যাচের ৫টিতেই জিতেছে। তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। অপর দিকে এই হারে নকআউটে ওঠার সমীকারণটা কঠিন হয়ে গেছে রিয়ালের। ৩৬ দলের প্রতিযোগিতায় ৬ পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে অবস্থান করছে।
ম্যাচের দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫২ মিনিটে সতীর্থ কনর ব্র্যাডলির সঙ্গে ওয়ান-টু করে লিভারপুলকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ৭৬ মিনিটে হেড করে দ্বিতীয় গোলটি করেছেন কোডি গাকপো।
অবশ্য লিভারপুলের অগ্রগামিতার পর সমতা ফেরানোর সুবর্ণ সুযোগটি হারায় রিয়াল। কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি পেয়েও সেটি মিস করেছেন। তার পর পর একইভাবে পেনাল্টি মিস করেন লিভারপুলের মোহাম্মদ সালাহও।
পুরো ম্যাচেই আধিপত্য ছিল লিভারপুলের। কিলিয়ান এমবাপ্পেকেও তারা বাক্সবন্দী করে রাখতে পেরেছে। তাতে ২০০৯ সালের পর স্প্যানিশ জায়ান্টদের হারানোর স্বাদ পেয়েছে তারা।
এমন পরাজয়ের পর রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিও স্বীকার করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে ধুঁকছে তার দল। যারা ৫ ম্যাচের তিনটিতেই হার মেনেছে। ম্যাচের পর তিনি বলেছেন, ‘আমার মনে হয় ফলাফলটা যথার্থ ছিল। লিভারপুল জয়ের যোগ্য দল ছিল।’
অন্য ম্যাচে ডায়নামো জাগরেবকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষ চারে ফিরেছে বরুশিয়া ডর্টমুন্ড। অ্যাস্টন ভিলা জুভেন্টাসের সঙ্গে গোল শূন্য ড্র করেছে। রেড স্টার বেলগ্রেড অবশ্য পিছিয়ে পড়েও স্টুটগার্টকে ৫-১ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্টের প্রথম পয়েন্ট অর্জন করেছে।
নতুন ফরম্যাটে শীর্ষ ৮ দল সরাসরি শেষ ষোলোতে কোয়ালিফাই করবে। সেখানে আসার জন্য বাকি ১৬ দলের মাঝে অনুষ্ঠিত হবে দুই লেগের প্লে-অফ।