তপুর গোলে কিংসের জয়ে শুরু

প্রিমিয়ার লিগ জয় দিয়ে শুরু করেছিল বসুন্ধরা কিংস। আজ মঙ্গলবার থেকে মাঠে গড়ানো ফেডারেশনে কাপেও জয় নিয়ে মাঠ ছেড়েছে ভ্যালেরি তিতার দল। প্রথম ম্যাচে তপু বর্মণের দেওয়া একমাত্র গোলে কিংস ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে।

মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের মাঠ তেমন খেলার জন্য উপযুক্ত ছিল না। আগের দিনই উঠানো হয়েছে ক্রিকেট পিচ। তাই মাঝ মাঠ ন্যারা মনে হয়েছে। অন্য জায়গায় ঘাসেরও আধিক্যও কম। এমন সমস্যাজর্জর মাঠে কষ্টার্জিত জয় পেয়েছে কিংস। প্রথমার্ধে আক্রমণ গড়লেও গোল করতে পারেনি। জয়সূচক গোলটি এসেছে দ্বিতীয়ার্ধে। তাও ৬ মিনিটে। বাঁ প্রান্ত থেকে ব্রাজিলিয়ান মিগেলের দারুণ এক ক্রস থেকে অন্য প্রান্তে ফাঁকায় দাঁড়ানো তপু বর্মণ হেডেই তা জালে জড়িয়ে দেন। পরে চেষ্টা করেও গোল শোধ দিতে পারেনি ব্রাদার্স। জাকারিয়ার প্রচেষ্টা ব্যর্থ হলে হতাশ হতে হয় কমলা জার্সিধারীদের।

ফেডারেশন কাপে ফর্টিস এফসি ও পুলিশ এফসির মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।