রাব্বি-রানার নৈপুণ্যে ব্রাদার্সের দারুণ জয়, পুলিশের দুই মিনিটের ঝড়

ফেডারেশন কাপে দারুণভাবে ছুটে চলছিল ফর্টিস এফসি। তিন ম্যাচে সাত পয়েন্ট অর্জন। চলার পথে হারিয়েছিল বসুন্ধরা কিংসকেও। আজ তাদের সাফল্যে বাধা হয়ে দাঁড়িয়েছে ব্রাদার্স ইউনিয়ন। দারুণভাবে ছুটে চলা ফর্টিসকে ১-০ গোলে হারিয়েছে গোপিবাগের দলটি। কাওসার আলী রাব্বি জয়সূচক গোলটি করেন। এছাড়া বর্ষীয়ান আশরাফুল ইসলাম রানা আজও তেকাঠির নিচে বাধা হয়ে দাঁড়ান। অন্য ম্যাচে পুলিশ এফসি ২-১ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে।

৪ ম্যাচে প্রথম হারের তেতো স্বাদ পাওয়া ফর্টিস ‘এ’ গ্রুপে শীর্ষে। ৩ ম্যাচে ৬টি করে পয়েন্ট বসুন্ধরা কিংস ও ব্রাদার্সের। ৪ পয়েন্ট পুলিশের। টানা তিন হারে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া নিশ্চিত হয়ে গেছে ওয়ান্ডারার্সের। এখন শেষ ম্যাচে নির্ধারণ হবে কোন দুটি দল যাবে কোয়ালিফায়ারে।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মঙ্গলবার ব্রাদার্সের জয়ের নায়ক রাব্বি। ৩৬ মিনিটে বক্সের ভেতরে সাজ্জাদ হোসেনের আড়াআড়ি পাস নিখুঁত টোকায় জালে জড়িয়ে দেন  গতবার ফর্টিসে খেলা ফুটবলার। গোল দিয়েই ফর্টিসের ডাগ আউটের সামনে গিয়ে উল্লাসও প্রকাশ করতে গেছে তাকে। ম্যাচের বাকিটা সময় এই গোল আগলে রেখেছে ব্রাদার্স। গোলপোস্টের নিচে আশরাফুল ইসলাম রানা একের পর এক গোলের সুযোগ নষ্ট করে দিয়ে ম্যাচসেরা হয়েছেন।

দিনের অন্য ম্যাচে কিংস অ্যারেনায় দারুণ শুরু পেয়েছিল ঢাকা ওয়ান্ডারার্স। ৪০ মিনিটে বক্সে শেখ মাহিদ ফাউলের শিকার পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মোহাম্মদ ইমনের সফল স্পট কিকে এগিয়ে যায় ওয়ান্ডারার্স। 

শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে দুই মিনিটে দুই গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় পুলিশ এফসি। ৮৪ মিনিটে ডান দিক থেকে আসা ক্রস আটকাতে পারেননি কোনও ডিফেন্ডার, গোলমুখ থেকে সহজে সমতা ফেরান মান্নাফ রাব্বী।

এরপর রাজুর গোলমুখে  পাস নিয়ন্ত্রণে নেন অরক্ষিত থাকা এহসানুর রহমান। নিচু শটে ম্যাচের জয়সূচক গোলটি করেন বদলি নামা এই ফরোয়ার্ড।