চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির টিকে থাকাই কঠিন হয়ে গেলো। দুই গোলের লিড নিয়েও পিএসজির কাছে ৪-২ গোলে হেরেছে তারা। নেমে গেছে ২৫তম স্থানে। প্লে অফের সম্ভাবনা তৈরি করতে ক্লাব ব্রুগের বিপক্ষে শেষ ম্যাচ জিততে হবে পেপ গার্দিওলার দলকে।
পার্ক দে প্রিন্সেসে দ্বিতীয়ার্ধে আট মিনিটের মধ্যে জ্যাক গ্রিলিশ ও আর্লিং হাল্যান্ড গোল করে ম্যানসিটিকে এগিয়ে দেন। ৫০ ও ৫৩ মিনিটের এই দুই গোলে পিছিয়ে পড়ার জবাব খুব দ্রুত দেয় পিএসজি।
চার মিনিটের ব্যবধানে দেম্বেলে ও বারকোলা সমতা ফেরান। ৫৬তম মিনিটে বারকোলার ক্রসে জাল খুঁজে পান দেম্বেলে। চার মিনিট পর দেসির দোয়ির শট ক্রসবারে আঘাত করে ফিরলে বারকোলা সমতা ফেরান ফিরতি শটে।
ভিতিনিয়ার ফ্রি কিক সিটির ব্যাকলাইন আটকাতে পারেনি। ব্যাকপোস্ট থেকে হেড করে ৭৮তম মিনিটে জোয়াও নেভেস লিড এনে দেন ফরাসিদের। যোগ করা সময়ে গনসালো রামোস চতুর্থ গোল করলে সিটির নাটকীয় হার নিশ্চিত হয়।
সাত ম্যাচে মাত্র দুটি জেতা ম্যানসিটি ২৫তম স্থানে নেমে গেলো। ছিটকে গেলো প্লে অফের জায়গা থেকে। টেবিলের শীর্ষ আট দল সরাসরি খেলবে শেষ ষোলোতে। নবম থেকে ২৪তম দল খেলবে দুই লেগের নকআউট প্লে অফ পর্বে।