ব্রুনো ফের্নান্দেসের শেষ মুহূর্তের গোলে ইউরোপা লিগের নক আউট পর্বের আরও কাছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে তারা গ্রুপের ম্যাচে ২-১ গোলে হারিয়েছে রেঞ্জার্সকে।
শুরুর দিকে খেলার নিয়ন্ত্রণ ম্যানইউর হাতে ছিল। কর্নার থেকে ম্যাথিয়াস ডি লিট হেড করে জাল কাঁপালে তারা এগিয়ে যাওয়ার কথা ভেবেছিল। কিন্তু রেঞ্জার্স ডিফেন্ডার ডেভি প্রপারকে লেনি ইয়োরো ফাউল করলে গোল বাতিল হয়।
রেঞ্জার্সও মাঝেমধ্যে ম্যানইউকে হুমকি দিয়েছে। হামজা ইগামানের দূরপাল্লার শট দারুণভাবে ঠেকান ইউনাইটেড কিপার আল্টে৷ বায়িনদির।
গোলমুখ খুলেছে হাফটাইমের পরে। ক্রিস্টিয়ান এরিকসেনের কর্নার থেকে উড়ে আসা বলের গতি বুঝতে না পেরে নিজের জালে জড়ান রেঞ্জার্স কিপার জ্যাক বাটল্যান্ড।
নির্ধারিত সময়ের দুই মিনিট আগে বদলি সিরিল ডেসার্স সমতা ফিরিয়ে চমকে দেয় ম্যানইউকে। তারপর যোগ করা সময়ে ফের্নান্দেসের লক্ষ্যভেদ জয় পায় স্বাগতিকরা।
এই জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে শেষ ষোলোতে সরাসরি খেলার দ্বারপ্রান্তে।
প্রিমিয়ার লিগে ইউনাইটেড ভুগলেও ইউরোপায় টানা চার ম্যাচ জিতলো।