লেভানডোভস্কির গোলে রিয়ালের আরও কাছে বার্সেলোনা

এস্পানিওলের কাছে রিয়াল মাদ্রিদের হারে লা লিগা টেবিলে তাদের সঙ্গে ব্যবধান চার পয়েন্টে কমানোর লক্ষ্য ছিল বার্সেলোনার। তারা সফল, যদিও পারফরম্যান্স ছিল হতাশাজনক। আলাভেসের বিপক্ষে ভালো না খেললেও এস্তাদিও অলিম্পিক লুইস কম্পানিসে ১-০ গোলে জিতলো কাতালান জায়ান্টরা।

প্রথমার্ধের পারফরম্যান্স বার্সেলোনা ভুলে যেতে চাইবে। লক্ষ্যে শট (একটি) নেওয়ার চেয়ে বেশি হলুদ কার্ড (দুটি) দেখেছেন তারা। আলাভেসের তমাস কনেচনির সঙ্গে বাজেভাবে সংঘর্ষে ১৪ মিনিটে গাভিকে হারায় বার্সা। কনেচিও খেলা চালিয়ে যেতে পারেননি।

বিরতিতে এরিক গার্সিয়া ও ফ্রেঙ্কি ডি ইয়াংকে রোনাল্ড আরাউজো ও মার্ক কাসাদোর বদলি নামাতেই ম্যাচে ফেরে বার্সা। আক্রমণেও তাদের ধার বেড়ে যায়। এক ঘণ্টা পার হতেই গোলমুখ খোলে।

রবার্ট লেভানডোভস্কি করেন গোল। পেদ্রির ভাসানো ক্রসে লামিনে ইয়ামাল গোলমুখের সামনে ভলি করেন। বল প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে পোলিশ স্ট্রাইকারের সামনে পড়ে। খুব কাছ থেকে গোল করতে ভুল করেননি তিনি।

আলাভেস গোলকিপার জেসুস ওয়োনো বার্সাকে দ্বিতীয় গোল করতে দেননি। ইয়ামালের বাঁকানো প্রচেষ্টা দারুণভাবে গোলবারের পাশ দিয়ে বাইরে পাঠান তিনি।

দুই দলই ম্যাচের দ্বিতীয় গোল করার জন্য অনেক চেষ্টা করেছে। শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে লেভানডোভস্কির গোল।

এই জয়ে বার্সেলোনা (৪৫) শীর্ষ দল রিয়ালের (৪৯) সঙ্গে ব্যবধান চার পয়েন্টে নামালো এবং অ্যাটলেটিকো মাদ্রিদের (৪৮) সঙ্গে তিনে। আগামী সপ্তাহে মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হবে দুই দল। হ্যান্সি ফ্লিকের আশা সেভিয়ার মাঠে আরেকটি সাফল্য পেয়ে শিরোপার দৌড় জমিয়ে দেবে। এই হারে আলাভেস থাকলো অবনমন অঞ্চলে।