বাংলাদেশ দলের অধিনায়কত্ব ছাড়ছেন সাবিনা!

পিটার বাটলারকে বয়কট করে চলেছেন নারী জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৮ ফুটবলার। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সভাতেও তাদের মান ভাঙেনি। আগের দাবিতে অটল আছেন সবাই। তবে সামনের দিকে পরিস্থিতি যাই হোক না কেন, লাল-সবুজ দলের অধিনায়কের পদে আর থাকতে চাইছেন না সাবিনা। ৩১ বছর বয়সী ফুটবলার পরিস্থিতি স্বাভাবিক হলেই ছাড়বেন বাংলাদেশ দলের দায়িত্ব!

২০০৯ সাল থেকে খেলছেন। ৩৯ ম্যাচ ২২ গোল আছে জাতীয় দলের জার্সিতে। ৮ বছর ধরে অধিনায়কত্ব করে যাওয়া সাবিনা আজ বাংলা ট্রিবিউনের কাছে সংক্ষিপ্ত সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের কঠিন সিদ্ধান্তের কথা অকপটে আগাম জানিয়ে গেলেন। 

একদিন আগে বাফুফে সভাপতির সঙ্গে আপনারা আলোচনায় বসলেন। সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে।

সাবিনা খাতুন: আমরা আমাদের সব কথা সভাপতির কাছে বলেছি। উনি বিস্তারিত জানতে চেয়েছেন। কী হয়েছে বা কী হচ্ছে সবকিছু নিয়ে। 

সভাপতি তো আপনাদের অনুশীলনে যোগ দিতে অনুরোধ করেছেন..

সাবিনা খাতুন: আমরা আমাদের কথা পরিষ্কার করে তাকে বলেছি। কেন সম্ভব না তাও বলেছি।

কেন সম্ভব নয়। একটু যদি খুলে বলতেন…

সাবিনা খাতুন: যা বলার সভাপতিকে বলেছি। আমার মনে হয় উনার কাছ থেকে শুনলে ভালো হয়। আমি নিজে কিছু বলতে চাই না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম আপনি নাকি অধিনায়কত্ব আরও দুই বছর করতে চেয়েছেন। সভাপতির কাছে অনুরোধও জানিয়েছেন। নিজের খেলার বিষয়টি নিশ্চিত করতে চেয়েছেন।

সাবিনা খাতুন: নাহ বিষয়টি একদম ঠিক না। এমন কোনও বিষয় নিয়ে আমি কথা বলিনি। সভাপতি ভালো করেই জানেন আমি কী নিয়ে কথা বলেছি। যারা বলেছে বা লিখেছে তাদের বিরুদ্ধে আমি লিগ্যাল অ্যাকশনে যাবো। বরং আমি এটা বলতে চাই বয়কট ইস্যুর সমাধান হলেই আমি অধিনায়কত্ব ছেড়ে দেবো!

কেন?

সাবিনা খাতুন: অনেক তো হলো। ৮ বছর ধরে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরে আছি। মাঠে দায়িত্ব পালন করে যাচ্ছি। দুটি সাফ জিতেছি। আমাদের দলটি প্রথমবারের মতো একুশে পদক পেয়েছে। এখন নতুনদের হাতে দায়িত্ব দিতে চাই। নতুনদের তো উঠে আসতে হবে। তৈরি হতে হবে।

আপনার পারফরম্যান্স নিম্নমুখী! এজন্য অধিনায়কত্ব ছাড়তে পারেন.. এছাড়া বয়সও একটা বড় বিষয়। এমনটি হয়তো কেউ কেউ বলতে পারেন।

সাবিনা খাতুন: কথাটা একদম ঠিক নয়। আমার বয়স কত হয়েছে? আমি তো বলবো এখন আমার ২৮ চলে। শুরুর দিকে বয়স বাড়িয়ে দেওয়া হয়েছিল। পারফরম্যান্স কিংবা ফিটনেসে কোথাও কোনও কমতি নেই। ব্রাজিলের মার্তার বয়স কতো জানেন তো, ৩৮। তাহলে সে যদি ওই বয়স পর্যন্ত খেলতে পারে তাহলে আমি কেন নয়?

পিটার বাটলারকে বয়কট করে যাচ্ছেন। এর সমাধান কী হতে পারে?

সাবিনা খাতুন: জানি না কী হবে। ভবিষ্যত বলবে সবকিছু।

অনেকে বলেছে আপনি বাকি ১৭ জন মেয়েকে আপনার দিকে ডাইভার্ট করেছেন। ওদের যা বলছেন ওরা আপনার কথা মতো সবকিছু করছে। আসলেই কী ঠিক?

সাবিনা খাতুন: মোটেও ঠিক নয়। ওরা সবাই প্রাপ্তবয়স্ক। জাতীয় দলে অনেক দিন ধরে খেলছে। নিজের ভালো মন্দ বুঝতে পারার মতো বয়স হয়েছে। আমি কেন ওদের নিজের দিকে নিয়ে আসবো। ওরা আমার মতো এই ইস্যুতে একমত। তাই সবাই মিলে বলতে পারেন আন্দোলন করে যাচ্ছি।

যা বোঝা যাচ্ছে, বাফুফে চুক্তির বাইরে আপনাদের রাখতে পারে। তাহলে কী হবে?

সাবিনা খাতুন: জানি না কী হবে। সামনের দিকে ভাগ্যে কী আছে। তবে আমাদের কাছে যা যৌক্তিক তাই করছি। আমার মনে হয়, আমাদের কথা বাফুফে শুনবে। বোঝার চেষ্টা করে সমাধান করবে।