এভারটনের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন লিভারপুল কোচ আর্নে স্লট। শাস্তি হিসেবে তাকে টাচলাইনে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি গুডিসন পার্কে ২-২ গোলে প্রিমিয়ার লিগে ড্রয়ের ম্যাচ শেষে রেফারি মাইকেল অলিভারের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছিল স্লটের।
আগামী বুধবার নিউক্যাসেলের বিপক্ষে ঘরের মাঠের খেলা এবং ৮ মার্চ সাউদাম্পটন সফরে টাচলাইনে থাকতে পারছেন না স্লট। মাঝে ৫ মার্চ প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ তে তাকে দেখা যাবে।
এছাড়া স্বতন্ত্র ফুটবল অ্যাসোসিয়েশন কমিশন স্লটকে ৭০ হাজার ডলার জরিমানা করেছে। এর আগে লিভারপুলের সহকারী কোচ সিপকে হালশঅফকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। নিজ দলের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে না পারায় লিভারপুল ও এভারটনকে যথাক্রমে ৬৫ হাজার ও ৫০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল।
৯৮তম মিনিটে জেমস তারকোস্কির সমতাসূচক গোলের পর মাঠে হট্টগোল বেঁধে যায়, যখন এভারটন ভক্তরা গোল উদযাপন করতে মাঠে ঢুকে যায়।
ভিএআরে দেখে রেফারি গোলের রায় দিলেও লিভারপুল এটি বাতিলের দাবি জানায়। তাদের মতে গোল বিল্ডআপের সময় ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতেকে ফাউল করা হয়েছিল।
স্লটও ক্ষুব্ধ ছিলেন। সহকারী রেফারির সঙ্গে তর্কাতর্কির পর মাঠে ঢুকে অলিভারের সঙ্গে হাত মেলানোর পর লাল কার্ড দেখেন কোচ। হালশঅফকেও মার্চিং অর্ডার দেওয়া হয়।
এর আগে গত ডিসেম্বরে তিনটি হলুদ কার্ড দেখার পর লিগ কাপের কোয়ার্টার ফাইনালে টাচলাইনে নিষিদ্ধ হয়েছিলেন স্লট।