হঠাৎ ছেত্রী ভারতীয় দলে, কী বলছেন বাংলাদেশ কোচ-অধিনায়ক

হঠাৎ অবসর ভেঙে ভারতীয় দলে ফিরেছেন সুনীল ছেত্রী। খেলবেন এশিয়ান কাপ বাছাইয়ে ২৫ মার্চ বাংলাদেশের বিপক্ষে। ভারতের ফুটবলে অন্যতম কিংবদন্তির ফেরার খবর জেনেছে সৌদি আরবে অনুশীলনরত বাংলাদেশ দলও। কোচ-অধিনায়কসহ অন্যরা নানান মন্তব্য করেছেন।

২০২২ সালে বাংলাদেশ দলের দায়িত্ব নেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। তিন বছরে অনেক ম্যাচে কোচিং করালেও এখনও ভারতের মুখোমুখি হননি। এবার প্রথমবারের মতো ভারত বধের ছক যখন করছেন, হঠাৎ ছেত্রীর অবসর ভাঙা অন্য আমেজ তৈরি করেছে। 

বাংলাদেশ-ভারত ম্যাচে দলের অন্যতম জয়ের নায়ক ছেত্রী। তবে ৪০ বছর বয়সীর ফেরায় কাবরেরা বিচলিত নন, ‘আমাদের কোনও পরিবর্তন নেই, মনোযোগ প্রস্তুতিতেই, যতটা ভালো করতে পারি। সুনীল আমাদের সবারই চেনা। সে বেঙ্গালুরুর হয়ে অসাধারণ খেলেছে সম্প্রতি। তাকে ফেরানোর সিদ্ধান্তটা তারাই (ভারত ফেডারেশন) নিয়েছে। এতে এখন খেলাটি আরও বেশি উপভোগ্য হবে।’

জামাল-ছেত্রীর লড়াই

নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার আবার ছেত্রীর বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে। বাংলা ট্রিবিউনকে এই মিডফিল্ডার বলেছেন, ‘সুনীল ওদের দলের জন্য বড় অনুপ্রেরণা। ও ফেরায় দল আরও চাঙা হবে। তবে আমাদের আরও সতর্ক হতে হবে। সমীহ করে খেলতে হবে। ও এমন একজন খেলোয়াড়, প্রতিপক্ষের যে কারও জন্য হুমকি। বিশেষ করে শেষ যেবার গোল দিয়েছিল, তা এখনও মনে পড়ে। তাই ডিফেন্ডারদের জন্য নতুন করে পরীক্ষা।’ 

২০১৯ সালে সাদ উদ্দিনের গোলে কলকাতার সল্টলেকে ভারতের সঙ্গে বাংলাদেশ ১-১ এ ড্র করেছিল। সেই ম্যাচের গোলদাতা ছিলেন ছেত্রী। তার ফেরা নিয়ে এই ডিফেন্ডার বলেছে, ‘এটা (অবসর থেকে ফিরে আসা) ফুটবলে স্বাভাবিক। চাপের কিছু নাই। ওর (সুনীল) সঙ্গে খেলতে পারলে ভালো হবে। সমস্যার কিছু নেই।’ 

ভারতের বিপক্ষে আবারও গোলের প্রত্যাশা তার, ‘ভারত ম্যাচের জন্য আমরা সবাই ব্যক্তিগত ও দলীয়ভাবে মুখিয়ে থাকি। সবাই সবার সেরাটা দেয়। সুযোগ পেলে আবার গোল করতে চাই।’ 

২০২৩ সালে সাফ ফুটবলে অভিষেক হয়েছে শেখ মোরসালিনের। এখনও তার ভারতের বিপক্ষে খেলা হয়নি। ছেত্রী ফেরায় মোরসালিনও রোমাঞ্চিত, ‘সে (সুনীল) আসছে ভালো হয়েছে। না হলে অসম্পূর্ণ থাকতো। আমরা ভারতের বিপক্ষে খেলতে প্রস্তুত। আমরা এবার সবকিছু আগে শুরু করেছি। আমাদের এই ম্যাচ জিততেই হবে।’