থমাস টুখেল প্রথমবার ইংল্যান্ডের কোচ হওয়ার পর দল ঘোষণা করলেন। তার স্কোয়াডে ফেরানো হয়েছে মার্কাস র্যাশফোর্ড ও জর্ডান হেন্ডারসনকে।
প্রথমবার ডাক পেয়েছেন আর্সেনালের মাইলস লুইস স্কেলি ও নিউক্যাসেল ডিফেন্ডার ড্যান বার্ন। ১৮ বছর বয়সে গানারদের হয়ে দারুণ মৌসুম কাটানোয় লুইস স্কেলির অন্তর্ভুক্তি প্রত্যাশিত ছিল। আর ক্যারিয়ারের শেষ লগ্নে এসে ধারাবাহিকতার পুরস্কার হিসেবে ৩২ বছর বয়সে প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন বার্ন।
র্যাশফোর্ড ও হেন্ডারসনের কেউই ইংল্যান্ডের ইউরো ফাইনালে ওঠার মিশনে খেলতে পারেননি।
র্যাশফোর্ড শেষবার থ্রি লায়নদের হয়ে খেলেছেন এক বছর আগে। গত জানুয়ারিতে ম্যানইউ থেকে অ্যাস্টন ভিলায় ধারে খেলার পর থেকে মাঠের পারফরম্যান্সে নিজেকে খুঁজে পেয়েছেন তিনি। তারই পুরস্কার পেলেন জাতীয় দলে ডাক পেয়ে।
সম্প্রতি অ্যাস্টন ভিলায় যোগ দিয়ে র্যাশফোর্ড চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপের কোয়ার্টার ফাইনালে তুলেছেন দলকে, ৯ ম্যাচে চার অ্যাসিস্টে রেখেছেন ভূমিকা।
৩৪ বছর বয়সী হেন্ডারসন ইংল্যান্ডের হয়ে তার ৮১ ম্যাচ ক্যারিয়ারের শেষটি খেলেন ২০২৩ সালের নভেম্বরে। লিভারপুলের সাবেক অধিনায়ক উপেক্ষিত ছিলেন গ্যারেথ সাউথগেট ও লি কার্সলির দলে। প্রায় দুই বছর আগে লিভারপুল ছেড়ে যাওয়ার পর থেকে ফর্ম নিয়ে ভুগলেও হেন্ডারসনের ফেরা চমক জাগানিয়া।
গত জানুয়ারিতে টুখেল দায়িত্ব পান। তার প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে আগামী শুক্রবার আলবেনিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাই দিয়ে। তারপর ২৪ মার্চ লাটভিয়ার সঙ্গে রয়েছে ইংল্যান্ডের ম্যাচ।