২৫ মার্চ শিলংয়ে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাই পর্বে টানটান উত্তেজনার রেণু ছড়িয়ে ভারত-বাংলাদেশের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। একের পর এক আক্রমণে গোল করতে না পেরে পয়েন্ট ভাগাভাগির হতাশা নিয়ে শিলং থেকে দেশে ফেরে বাংলাদেশ। তবে হামজা চৌধুরীকে নিয়ে দলের পারফরম্যান্সে উন্নতির ছাপ ছিল স্পষ্ট। এবার ফিফা র্যাঙ্কিংয়েও সেই স্বীকৃতি মিললো।
বৃহস্পতিবার প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দুই ধাপ উন্নতি করেছে। ৫.১৬ পয়েন্ট যোগ হয়েছে তাদের নামের পাশে। তাতে ৯০৪.১৬ পয়েন্ট নিয়ে ডমিনিকা ও ব্রুনেই দারুসসালামকে টপকে ১৮৩ নম্বরে হাভিয়ের কাবরেরার দল।
এদিকে ভারত লম্বা সময় পর মালদ্বীপের বিপক্ষে জিতলেও বাংলাদেশের সঙ্গে ড্র করে ১.৯৭ পয়েন্ট হারিয়েছে। ১১৩২.০৩ পয়েন্ট নিয়ে তারা ১২৬ থেকে ১২৭-এ নেমেছে।
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে ও ব্রাজিলকে হারিয়ে শীর্ষেই আছে। ফ্রান্সকে নামিয়ে স্পেন উঠে গেছে দ্বিতীয় স্থানে। ব্রাজিল একটি জয় ও হার দেখলেও আগের মতো পঞ্চম স্থানে। চার নম্বরে আছে ইংল্যান্ড।
শীর্ষ দশে আর দুটি পরিবর্তন। ছয় ও সাতে অবদলবদল হয়েছে নেদারল্যান্ডস ও পর্তুগাল। ডাচরা উন্নতি করেছে, এক ধাপ নেমেছে রোনালদোর দল।