চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চাপ সামলাবে পিএসজি: মারকুইনহোস

২০১৩ সাল থেকে পিএসজিতে আছেন মারকুইনহোস। চ্যাম্পিয়ন্স লিগে একাধিক বিব্রতকর হারের সাক্ষী তিনি। প্যারিস ক্লাব যে একবার ফাইনাল খেলেছিল, পাঁচ বছর আগে বায়ার্ন মিউনিখের কাছে হেরে যাওয়া সেই ম্যাচের একমাত্র সদস্য এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। এই লম্বা সময়ে দলের যে পরিবর্তন দেখতে পেয়েছেন, তাতে আত্মবিশ্বাসী মারকুইনহোস। আজ রাতে ইন্টার মিলানের বিপক্ষে ফাইনালে পিএসজি চাপ সামলাতে পারবে মনে করেন তিনি।

মিউনিখে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে মারকুইনহোস বললেন, ‘সময়ের স্রোতে ক্লাব শিখে গেছে এই ধরনের ম্যাচগুলোতে চাপ কীভাবে সামলাতে হয়, কী করা প্রয়োজন।’

এই ফাইনালকে ক্লাবের স্মরণীয় কিছু অর্জনের সুবর্ণ সুযোগ মনে করছেন পিএসজি অধিনায়ক, ‘আমি আসার পর থেকে পিএসজিতে অনেক কিছু বদলে গেছে। ভালো সময় গেছে, খারাপ সময়ও। কিন্তু কাল (শনিবার) এই ক্লাবের জন্য স্মরণীয় ও ঐতিহাসিক কিছু করার সুবর্ণ সুযোগ আমাদের।’

২০২০ সালে হারের যন্ত্রণা এবার শিরোপা জিতে ভুলতে চান মারকুইনহোস, ‘এটা হবে আমার দ্বিতীয় ফাইনাল এবং আমি চাই না এই সুযোগ আমাদের হাতছাড়া হোক।’