অ্যালিয়েঞ্জ এরেনায় পিএসজি ইন্টার মিলানের মুখোমুখি হওয়ার আগে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হারের যন্ত্রণা কী, সেটা শুধু জানতেন মারকুইনহোস। ২০২০ সালের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে স্বপ্নভঙ্গ হওয়ার একমাত্র সাক্ষী এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। সময়ের সঙ্গে তিনি এখন অনেক পরিণত। এবার সেই স্বপ্ন পূরণের দ্বিতীয় সুযোগ পেয়ে হাতছাড়া করেননি মারকুইনহোস।
শনিবার ইন্টারকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। ম্যাচ শেষের বাঁশি বাজতেই আনন্দে কেঁদেছেন মারকুইনহোস। তিনি বললেন, ‘এটা আনন্দের মিশ্রণ, আমরা একসঙ্গে কাটিয়েছি এমন সব আবেগের মিশ্রণ। আমি কষ্ট পেয়েছি কিন্তু এই দলের সাথেই আমি বেড়ে উঠেছি। আমি সেই সব খেলোয়াড়দের কথা ভাবি যারা এই পর্যন্ত এসেছিল কিন্তু সফল হয়নি। আমার আদর্শ থিয়াগো, লুকাস, জ্লাতান, কাভানি, ডি মারিয়া।’
তিনি বলে গেলেন, ‘এই দলে এমন অনেক খেলোয়াড় এসেছে যারা এর যোগ্য ছিল, কিন্তু সফল হয়নি।’
এই দিনকে অন্যভাবে দেখছেন মারকুইনহোস, ‘এখন আমরা সেখানে এবং আমরা এটা ঘরে ফিরিয়ে আনছি। আমি আমাদের সঙ্গে থাকা সব সমর্থকদের কথা ভাবছি, যারা পার্ক দে প্রিন্সেসে এবং সারা বিশ্বে ছড়িয়ে আছে। আমি তোমাদের ভালোবাসি, উপভোগ করো এবং আমরা এখানে এটা উপভোগ করবো। এটি আমার জীবনের সেরা দিন।’
পরিবারের কথা স্মরণ করলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার, ‘আমার পরিবার আমার সঙ্গে ছিল এবং আমার মতোই এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছে।’
এক যুগ কঠোর পরিশ্রমের ফসল পেয়েছেন বললেন পিএসজি অধিনায়ক, ‘যখন আমরা এসেছিলাম, তখন কেউ বিশ্বাস করেনি যে আমরা এতদূর যেতে পারবো। এই ১২ বছর ছিল কষ্ট ও পরিশ্রমের। এই শিরোপা অনেক বেশি মূল্যবান। এখন এটা আমাদের সঙ্গে, আমরা দেশে নিয়ে যাবো। আমি খুব খুশি।’